বন্ধু দানি আলভেজের দিকে হাত বাড়াচ্ছেন জাভি?

জাভি, আলভেজ যখন সতীর্থ ছিলেনছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ আগের বার্সেলোনার সেই বিশ্বজয়ী দলের জেরার্দ পিকে, সের্হিও বুসকেতস এখনো অবসর নেননি। দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। কোচ হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন সে দলেরই অন্যতম তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তের নির্ভরযোগ্য সাংবাদিক ব্রুনো আনদ্রাদের খবর মানলে বলতে হবে, বার্সেলোনায় আসছেন জাভি-পিকে-বুসকেতসদেরই আরেক বন্ধু। যে বন্ধু বার্সেলোনার সেই বিখ্যাত দলের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন। তিনি আর কেউ নন, রাইটব্যাক দানি আলভেজ।

দুজন একসঙ্গে বার্সেলোনার ইতিহাস বদলে দিয়েছেন
ছবি : টুইটার

পিকে-বুসকেতসদের মতো দানি আলভেজও খেলা চালিয়ে যাচ্ছেন। তবে পিকে-বুসকেতসরা এখন বার্সেলোনায় থাকলেও আলভেজ বার্সা ছেড়েছিলেন সেই প্রায় অর্ধযুগ আগে। এরপর জুভেন্টাস, পিএসজি ঘুরে ফিরে গেছেন নিজের দেশে। সাও পাওলোর হয়ে খেলেছেন দুই বছর।

এ সময়ে জাতীয় দলের হয়েও সফল সময় কাটাচ্ছেন আলভেজ। মূল দলের অধিনায়ক হয়ে কোপা আমেরিকা জিতেছেন, কিছুদিন আগে তরুণদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জিতে এলেন অলিম্পিকের সোনার পদকও। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বেতন নিয়ে বনিবনা না হওয়ার কারণে সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করেছেন। ফ্লুমিনেন্স, সান্তোস, ফ্লামেঙ্গোর মতো ক্লাবের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন খেলার ব্যাপারে। বয়স ৩৮, কিন্তু এ বয়সেও খেলা ছাড়ার কোনো ইঙ্গিত নেই। কিছুদিন আগে জোরেশোরেই ঘোষণা দিয়েছেন, বার্সেলোনা চাইলে প্রিয় ক্লাবের অধীন আরও একটিবার খেলতে চান তিনি।

লাপোর্তার হাত ধরেই বার্সেলোনায় এসেছিলেন দানি আলভেস
ছবি : টুইটার

আনদ্রাদের কথা সত্যি মানলে, প্রিয় বন্ধুর ইচ্ছা পূরণ করার জন্য এগিয়ে আসছেন খোদ জাভি। কোনো ক্লাবের সঙ্গে চুক্তি না থাকার কারণে আলভেজকে আনতে ট্রান্সফার ফি বাবদ কোনো খরচই করতে হবে না বার্সেলোনাকে। আনদ্রাদে জানিয়েছেন, এই সপ্তাহেই আলভেজের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন বার্সেলোনার কর্তাব্যক্তিরা।


আলভেজের ব্যাপারে বার্সেলোনা যে ইতিবাচক, সেটা কিছুদিন আগেই বোঝা গিয়েছিল দলটার সভাপতি হোয়ান লাপোর্তার এক কথায়। কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে আলভেজকে নিয়ে কথা উঠলে লাপোর্তা বলেছিলেন, ‘দানি আমাদের সাহায্য করার জন্য উন্মুখ। ক্রীড়াবিষয়ক ব্যাপারগুলোতেও আমাদের সাহায্য করার আশ্বাস দিয়েছে সে।’

বার্সার কোচ হিসেবে নিজের কাজ শুরু করে দিয়েছেন জাভি
ছবি : বার্সেলোনা

শুধু ইউওএল এস্পোর্তের আনদ্রাদেই নন, দলবদলবিষয়ক ইতালিয়ান সাংবাদিক নিকোলো শিরাও একই কথা বলেছেন আলভেজ-বার্সেলোনার ব্যাপারে। তবে আলভেজ কোচ হিসেবে আসবেন, না খেলোয়াড় হিসেবে—এ বিষয়ে আনদ্রাদে স্পষ্ট করে কিছু না বললেও শিরা জানিয়েছেন, জাভির কোচিং দলের সদস্য হিসেবেই আসবেন আলভেজ। তরুণ খেলোয়াড়দের সাহায্য করবেন তিনি। মনোযোগ দেবেন আগামীর আলভেজ তৈরির ব্যাপারে।


কিছুদিন আগে স্পেনের এসপোর্ত৩-এর ‘ওনজে’ অনুষ্ঠানে জানানো হয়, বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করেছেন আলভেজ। ১ জানুয়ারিতে তিনি ক্যাম্প ন্যুর ক্লাবটিতে যোগ দিতে চান। আলভেজ নাকি বার্সাকে বলেছেন, পারিশ্রমিক কোনো সমস্যা নয়। ‘কম বেতন’-এর শর্তেও বার্সায় ফিরতে রাজি। কাতালান ক্লাবটি তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। আলভেজের এ প্রস্তাবের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বার্সা। জাভি আসার পর হয়তো আলভেজের এ প্রস্তাব আবারও ভেবে দেখছে বার্সেলোনা!