বন্ধু যখন সতীর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলবদল শেষে ইউনাইটেডের অনুশীলনেও যোগ দিয়েছেন লুকাকু। সেখানেও ফ্রেমবন্দী হলেন বন্ধু পগবার সঙ্গেই। পরশু লস অ্যাঞ্জেলেসে l রয়টার্স
দলবদল শেষে ইউনাইটেডের অনুশীলনেও যোগ দিয়েছেন লুকাকু। সেখানেও ফ্রেমবন্দী হলেন বন্ধু পগবার সঙ্গেই। পরশু লস অ্যাঞ্জেলেসে l রয়টার্স

ম্যানচেস্টারে দুজনের বাসা খুব কাছাকাছি। দুজনই সমবয়সী। একসঙ্গে সময় কাটানো, অনুশীলন-ম্যাচের বাইরের সময়ে আড্ডা...পল পগবা ও রোমেলু লুকাকুর সম্পর্কটা আর দশজন ঘনিষ্ঠ বন্ধুর মতোই। ক্লাব মৌসুমের ব্যস্ততা শেষে এবার দুজন একসঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন ছুটি কাটাতে। বন্ধুত্বটা এবার আরও এক ধাপ সামনে গড়াচ্ছে, দুই বন্ধুই আগামী মৌসুমে খেলবেন একই জার্সিতে।

পগবা গত মৌসুমেই দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে জুভেন্টাস থেকে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, এবার ফ্রেঞ্চ মিডফিল্ডারের সঙ্গী হলেন লুকাকুও। বিশ্ব রেকর্ড না হোক, ইংল্যান্ডের রেকর্ড গড়ে। এভারটন থেকে বেলজিয়ান স্ট্রাইকারকে আনতে ৮৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে ইউনাইটেডের, দুটি ইংলিশ ক্লাবের মধ্যে দলবদলে যা রেকর্ড।

এভারটন ছেড়ে ইউনাইটেডে কেন এলেন লুকাকু, সে হিসাব কষতে বিশেষজ্ঞ হতে হয় না। তাঁকে ফেরাতে আগ্রহী ছিল চেলসিও। কথাবার্তাও অনেকটা এগিয়ে গিয়েছিল। তবু শেষ মুহূর্তে মন বদলাল কেন? বন্ধু পগবা যে সেখানে! ইউনাইটেডের অফিশিয়াল টিভি চ্যানেলেই লুকাকু দুই দিন আগে বলেছিলেন, ‘ওকে ইউনাইটেডে আসতে দেখার পরই আমার মাথায় এটা কাজ করতে শুরু করল। জানতাম, যদি কোনো দিন আমার এমন (ইউনাইটেডে) সই করার সুযোগ আসে, আমি না বলব না।’

ইউনাইটেডে এলেন লুকাকু, গত পরশু যুক্তরাষ্ট্রে প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে দলের সঙ্গে যোগও দিয়েছেন। দুজনের বন্ধুত্ব কতটা গভীর, সেটি উঠে এল ইএসপিএনে একই সঙ্গে দুজনের সাক্ষাৎকারেও। লুকাকুর দলবদল নিয়ে পগবা যেমন বললেন, ‘জানতাম, এমনটা একদিন হবেই। কখন, কোথায় হবে জানতাম না। তবে এখন সেটা হচ্ছে।’ লুকাকুও খুশি, ‘সবচেয়ে ভালো বন্ধুদের একজনের সঙ্গে একই দলে খেলা তো সব সময়ই আনন্দের।’

বন্ধুত্বের শুরু দুজনে ‘প্রতিদ্বন্দ্বী’ থাকার সময়টাতে। লুকাকু যখন চেলসির যুবদলে, আর পগবা ইউনাইটেডের। লুকাকুই বললেন, ‘স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম দেখা হয়েছিল আমাদের, যখন ইউনাইটেড খেলেছিল চেলসির সঙ্গে। ম্যাচের পর কথা বলেছিলাম, একে অন্যের ফোন নম্বর নিয়েছিলাম। এর পরের বছর ও জুভেন্টাসে গেল, ওর ঝলক দেখাল। আমি ওয়েস্ট ব্রমে গিয়ে প্রিমিয়ার লিগ ফুটবলের স্বাদ পেলাম।’

তা দুই বন্ধুর আলোচনাটা আর শুধুই ফুটবলে থাকে কেন! সেটি র‍্যাপ গান হয়ে ঘুরে এল ক্যারিয়ার শেষে কোচিংয়ে কে ভালো করবেন, সেদিক থেকেও। দুজনেরই র‍্যাপ গান পছন্দ। ফুটবলের বাইরের সময়টাতে একে অন্যের বাসায় গিয়ে নাকি ঘণ্টা দেড়-দু-একও টানা বাদ্যবাজনার সঙ্গে র‍্যাপ করেন। তা গানের গলা ভালো কার? লুকাকুর সরল স্বীকারোক্তি, সেটি পগবা। আবার ফুটবল ছাড়ার পর কোচিংয়ে গেলে কার ভূমিকা কী হবে, সে আলোচনায় বন্ধুর প্রশংসা ঝরল পগবার কণ্ঠে, ‘ওর বিশ্লেষণ ভালো।’

সুযোগ থাকলে একে অন্যের কাছ থেকে কিছু ব্যাপার ‘ধার’ও করে নিতেন। পগবার চাওয়া, তাঁর যদি লুকাকুর মতো শক্তি থাকত! আর লুকাকুর চাই পগবার ভিশন। বন্ধুর মতো প্রতিপক্ষ রক্ষণের ফাঁকফোকর বের করার ক্ষমতা থাকলে নাকি মৌসুমে আরও ১০-১৫টি করে গোল বেশিও করতে পারতেন বেলজিয়ান স্ট্রাইকার।

এভারটনে ১০ নম্বর জার্সি পরলেও, ইউনাইটেড লুকাকুকে দিচ্ছে গত মৌসুমে ইব্রাহিমোভিচ যে জার্সি পরেছেন, সেই ‘৯’ নম্বর। আরও এক মৌসুম ইউনাইটেডে থেকে যেতে পারেন ইব্রা, এমন গুঞ্জন কদিন ধরে আবার শোনা যাচ্ছে। তবে সুইডিশ স্ট্রাইকারের অনুমতি পেয়ে গেছেন লুকাকু, ‘আমার মায়ের জন্মদিন ১০ অক্টোবর। এ কারণেই “১০” নম্বর পরতাম। তবে “৯” স্ট্রাইকারদের জার্সি। ইব্রাহিমোভিচের অনুমতিও চেয়ে নিয়েছি।’

লুকাকু ৯, এই মৌসুমে না বদলালে পগবা তো ৬ নম্বর জার্সি নিয়ে আছেনই। নয় আর ছয়ের এই জুটিটা জমে গেলে কিন্তু আগামী মৌসুমে ইউনাইটেড প্রতিপক্ষদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে যাবে। ইএসপিএন, ডেইলি মেইল।