বন্ধু, সঙ্গী ও তাঁরা

একজন বিয়ে করেছেন কদিন আগে, ক্যারিবীয় দ্বীপদেশ অ্যান্টিগা অ্যান্ড বারবুডায় মধুচন্দ্রিমা কাটাচ্ছেন এখন। আরেকজন এই বছরই নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেরই মৌসুম শেষের ছুটির সময়ের ছবিগুলো তো এমনই হওয়ার কথা ছিল। সবকিছু ছেড়ে দূর কোনো দ্বীপে স্ত্রী বা বান্ধবীকে নিয়ে কিছুদিনের জন্য ‘ডুব’ দেওয়া।
মেসি অবশ্য আর একা থাকতে পারলেন কই! স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এবং দুই ছেলেকে নিয়ে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ দেখা হয়ে গেল লুইস সুয়ারেজ ও তাঁর পরিবারের সঙ্গে! স্ত্রী সোফিয়া বালবি ও দুই সন্তানকে নিয়ে সুয়ারেজও সেখানেই গেছেন ছুটি কাটাতে।
মাঠের বাইরে সুয়ারেজের পরিবারের সঙ্গেই অনেক সময় কাটে মেসির পরিবারের। তাই বলে মধুচন্দ্রিমাতেও দেখা! ছবিটা ইনস্টাগ্রামে দিয়ে মেসি তাই ক্যাপশনে লিখেছেন, ‘হঠাৎ দেখা।’ সুয়ারেজের টুইটের ক্যাপশনও একই, ‘হঠাৎ দেখা করতে আসার জন্য ধন্যবাদ। দুর্দান্ত সময় কেটেছে।’
রোনালদোর জন্য ব্যাপারটা ‘যেখানে দুজনে নিরজনে’। কোনো সতীর্থের সঙ্গে পর্তুগিজ ফরোয়ার্ডের হঠাৎ দেখা হওয়ার খবর এখনো পাওয়া যায়নি, বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে আনন্দে ছুটি কাটাচ্ছেন স্পেনের ফরমেন্তেরা দ্বীপে। আগামী মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদেই থাকছেন কি না, এ নিয়ে সংবাদমাধ্যমে গুঞ্জন থামছে না। কিন্তু রোনালদোর ছবিগুলো দেখে কে বলবে, ওসব গুঞ্জনে বিন্দুমাত্রও পরোয়া করছেন তিনি! কখনো ফ্লাইবোর্ডে দিব্যি ভেসে বেড়াচ্ছেন, তো কখনো বান্ধবীকে পাশে নিয়ে চড়েছেন স্পিডবোটে। মার্কা।