বন্ধুদের কাছে নেইমার ব্যাটম্যান, অচেনাদের কাছে জোকার
নেইমার মানুষ হিসেবে কেমন, সেটির ব্যাখ্যা সম্ভবত বদলে যায় তাঁকে দেখা প্রতিটি মানুষের চোখের ভিন্নতায়।
কারও চোখে তিনি শিশুসুলভ তো কারও চোখে দুর্বিনীত। কারও চোখে তাঁর আনন্দ-উদ্যাপন শুধুই জীবনকে উপভোগ করার চেষ্টা, কারও চোখে এই পার্টি-নৈশক্লাবে উন্মত্ত নেইমার তাঁর খেয়ালি-হেঁয়ালি চরিত্রের প্রকাশ। হয়তো নেইমারকে ঘিরে থাকা এই ধোঁয়াশাও ‘ব্র্যান্ড’ নেইমারকে আরও আকর্ষণীয় করে রাখে!
কিন্তু এসবই তো মূলত তাঁকে দূর থেকে দেখা চোখের উপলব্ধি। আসল নেইমার কেমন? ব্যাখ্যাটা নেইমার নিজেই দিয়েছেন তাঁর সম্প্রতি প্রচারিত আত্মজীবনীতে। ব্যাখ্যায় হলিউডের বিখ্যাত চলচ্চিত্র দ্য ডার্ক নাইটের দুই মূল চরিত্র নায়ক ‘ব্যাটম্যান’ আর খলনায়ক ‘জোকার’কে টেনে এনেছেন ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তাঁকে ঘিরে এত বিতর্ক আর সমালোচনার কারণেই নিজেকে ব্যাখ্যা প্রয়োজন মনে হয়েছে নেইমারের কাছে। সেই বোধ থেকেই নেইমারের নতুন আত্মজীবনীমূলক তথ্যচিত্র প্রকাশিত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। তথ্যচিত্রটির নাম নেইমারের জীবনের সঙ্গে বেশ যায়—দ্য পারফেক্ট ক্যাওস!
তিন পর্বের এই তথ্যচিত্রের প্রতিটি পর্বের স্থায়িত্ব এক ঘণ্টার মতো। পুরো তথ্যচিত্রেই মূল মনোযোগ ছিল নেইমারের জীবন এবং তাঁকে ঘিরে চলতে থাকা সমালোচনা ও নেতিবাচক মনোভাবের ব্যাখ্যা। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অবশ্য তথ্যচিত্রে দাবি করলেন, ‘অন্য কেউ আমার ব্যাপারে কী ভাবল তা নিয়ে আমার পরোয়া নেই। আমি জানি আমি কী করছি, কীভাবে খেলছি সেটাও আমি জানি।’
মাঠের চেয়ে নেইমারের মাঠের বাইরের জীবন নিয়েই তো সমালোচনা বেশি হয়, আর সেখানে নেইমারের বন্ধুবান্ধব নিয়ে নিয়মিত পার্টিতে মেতে ওঠা, তাঁর ব্যস্ত নৈশজীবন নিয়েই কথা হয় বেশি। সেসবকেও এখন আর পাত্তা দেন না বলে জানালেন নেইমার, ‘আমি স্বচ্ছ থাকতেই পছন্দ করি। ওরা যদি বলে যে ‘‘নেইমার শুধু পার্টিই করতে চায়’’ কিংবা অন্য যা-ই বলুক, আমার তাতে কিছু যায় আসে না। জীবনটা আমার, এখানে আমি যা ইচ্ছা তা-ই করব।’
এত সমালোচনা তাঁর প্রাপ্য নয় বলে আগেও অনেক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন হতাশ নেইমার। তথ্যচিত্রেও ব্রাজিলিয়ান মহাতারকার মুখে একই কথাই থাকল, ‘সমালোচনায় কান দেওয়ার মানে হয় না। আমার যতটা সমালোচনা প্রাপ্য, তার চেয়েও অনেক বেশি সমালোচনা করে ওরা। এটা মেনে নেওয়া কঠিন।’
সে কারণে নেইমার শুধু তাঁর পরিবার, কাছের বন্ধুবান্ধব আর সতীর্থদের নিয়েই জীবন উপভোগ করতে চান। কাছের মানুষই তাঁকে সবচেয়ে ভালোভাবে চেনেন বলে মনে হয় নেইমারের।
আর কাছের মানুষের দেখা সেই নেইমার কেমন? দূর থেকে দেখে তাঁকে বিচার করা মানুষের সঙ্গে কাছের মানুষের দেখা নেইমারের তুলনা টানতে ব্রাজিলিয়ান তারকা টেনে এনেছেন দ্য ডার্ক নাইটের দুই চরিত্রের উদাহরণ, ‘আমার পরিবার আর কাছের মানুষের কাছে আমি ব্যাটম্যান। তবে আপনি যদি আমাকে না চেনেন, তাহলে আপনার কাছে আমি জোকার!’