বন্ধুর উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাডোনার সঙ্গে পিটার শিলটনের হ্যান্ডশেকের ছবিটা। রয়টার্স।
ম্যারাডোনার সঙ্গে পিটার শিলটনের হ্যান্ডশেকের ছবিটা। রয়টার্স।

ছিয়াশির বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। কোয়ার্টার ফাইনালে চার মিনিটের ব্যবধানে বিশ্বকাপ ইতিহাসে বিতর্কিত ও সুন্দরতম গোল দুটি করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ইংল্যান্ড গোলরক্ষক পিটার শিলটনকে ধোঁকায় ফেলে হাত দিয়ে করলেন প্রথম গোল, এরপর পাঁচ ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে দ্বিতীয় গোল। ‘কিছুটা ম্যারাডোনার মাথা, বাকিটা ঈশ্বরের হাতের সহায়তা’—ম্যাচের পর প্রথম গোলটিকে এভাবেই বর্ণনা করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। যেটি পরে ‘ঈশ্বরের হাত’-এর গোল নামে পরিচিতি পেয়েছে। পরের গোলটি তো আদায় করে নিয়েছে ‘শতাব্দীর সেরা গোলের’ই স্বীকৃতি।
এত দিন পর গোল দুটি আবার আলোচনায়, ফেসবুকে ম্যারাডোনার একটি পোস্ট সবাইকে ফিরিয়ে নিচ্ছে ২৯ বছর আগে। গত সপ্তাহে তিউনিশিয়া সফরে গিয়েছিলেন ম্যারাডোনা। ছিয়াশির ওই ম্যাচের রেফারি আলী বেন নাসেরও তিউনিশিয়ান। ‘ঈশ্বরের হাতে’র গোলটিতে এক অর্থে এই রেফারির ‘অবদান’ও তো আছে। এ কারণেই কিনা বেন নাসের বন্ধু হয়ে যান ম্যারাডোনার। এত দিন পর তিউনিশিয়ায় গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ হারাতে চাননি ছিয়াশির বিশ্বকাপ নায়ক, দুজনে দেখা হতেই বেন নাসেরকে আবেগে জড়িয়ে ধরলেন ম্যারাডোনা।
শুধু তা-ই নয়, দুজনে বিনিময় করেছেন কিছু উপহারও। তিউনিশিয়ান রেফারিকে ম্যারাডোনা দিয়েছেন নিজের জার্সি, যেটিতে লেখা—‘আলীর জন্য, আমার চিরদিনের বন্ধু’। বেন নাসের তাঁর তারকা বন্ধুকে দিলেন ওই ম্যাচ শুরুর আগ মুহূর্তে ম্যারাডোনার সঙ্গে পিটার শিলটনের হ্যান্ডশেকের ছবিটা। রয়টার্স।