বন্ধুর চুক্তি বাড়াতে বললেন নেইমার

>নেইমারের সঙ্গে আরেক ব্রাজিল তারকা দানি আলভেসের বন্ধুত্ব আজকের নয়। শোনা যায়, নেইমারকে বার্সেলোনা থেকে পিএসজিতে আনার পেছনে দানি আলভেসের বড় ভূমিকা আছে। কিন্তু ৩৫ বছর বয়সী আলভেসের সঙ্গে পিএসজির চুক্তি এই মৌসুমের পরেই শেষ হয়ে যাচ্ছে। বন্ধুর চুক্তি যেন ভালোভাবে নবায়ন করা হয়, সে জন্য পিএসজির কর্তাব্যক্তিদের কাছে ফরমাশ করেছেন নেইমার।
দানি আলভেসের মান প্রশ্নাতীত। তাঁকে গত এক দশকের শ্রেষ্ঠ রাইটব্যাক বলা হলেও ভুল বলা হবে না। তবে ধীরে ধীরে এই কুশলী তারকার ক্যারিয়ারের শেষটাও ঘনিয়ে আসছে। ৩৫ বছর তারকা এখন আর পিএসজির কাছে তেমন গুরুত্ব বহন করেন না। ব্যাপারটা ভালো লাগেনি আলভেসের 'বন্ধু' নেইমারের। পিএসজির শীর্ষ কর্মকর্তাদের নেইমার বলেছেন, যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে যেন বন্ধু আলভেসের চুক্তি নবায়ন করা হয়।
নেইমারের সঙ্গে দানি আলভেসের দহরম-মহরম আজকের নয়। দুজনই ব্রাজিলের, সে কারণে জাতিগত একটা বন্ধন তো রয়েছেই, এ ছাড়াও কয়েক বছর বার্সেলোনায় একসঙ্গে খেলার কারণে দুজনের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। দুজনের বয়সের ব্যবধান এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সঙ্গে ম্যাচটার কথাই ধরুন। লিভারপুলকে হারিয়ে দুজন শিশুদের মতো নাচানাচি করেছেন ড্রেসিংরুমে। ড্রেসিংরুমে এই দুজন বসেনও পাশাপাশি। নেইমারকে বন্ধুপ্রতিম বড় ভাইয়ের মতো আগলে রাখেন আলভেস।
সেই আলভেসের বয়স এখন ৩৫। কিছুদিন পর ছত্রিশে পড়বেন। এ অবস্থায় 'বুড়ো' আলভেসকে ধরে রাখার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না নেইমার-আলভেসের বর্তমান ক্লাব পিএসজি। বরং বেলজিয়ামের রাইটব্যাক টমাস মুনিয়েরকে মূল রাইটব্যাক বানানোর ব্যাপারেই তাদের যত আগ্রহ। পিএসজির সঙ্গে আলভেসের বর্তমান চুক্তি শেষ হয়ে যাবে এই মৌসুমের শেষে। এই অবস্থায় 'বুড়ো' আলভেসকে বিপুল অর্থের নতুন চুক্তি দিতে চাইছে না পিএসজি। তারা আলভেসকে বলেছে, এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে চায় তারা। কিন্তু এই এক বছরে আলভেস মূল দলে যে কয়টা ম্যাচ খেলবেন, সেই হিসেবে বেতন পাবেন। অর্থাৎ কোচ আলভেসকে না খেলালে বেতন পাবেন না তিনি।
আর এতেই চটেছেন আলভেস। পিএসজিকে হুমকি দিয়েছেন, ভালোভাবে চুক্তি নবায়ন না করলে পিএসজিতে থাকবেন না তিনি, চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চলে যাবেন অন্য ক্লাবে।
কথাটা কানে গেছে নেইমারের। প্রিয় বন্ধু ও বড় ভাইকে ক্লাব অসম্মান করবে, এটা তিনি মেনে নেবেন কেন? নেইমার তাই তাড়াতাড়ি গিয়ে ধরেছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফিকে। খেলাইফির সঙ্গে নেইমারের সম্পর্ক বেশ ভালো, খেলাইফিও নেইমারকে ক্লাবের সবচেয়ে বড় রত্ন মনে করেন। খেলাইফির কাছে নেইমার অনুরোধ করেছেন, প্রিয় বন্ধুর চুক্তি যেন অন্যান্য খেলোয়াড়দের মতোই ভালোভাবে নবায়ন করা হয়। কেননা, দানি আলভেস পিএসজিতে আছেন দেখেই নেইমার প্যারিসে থেকে শান্তি পান। আলভেস না থাকলে নেইমারও যে পিএসজিতে থাকবেন, তার নিশ্চয়তা কোথায়? বিশেষ করে নেইমারকে পাওয়ার জন্য যেখানে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো হাঁ করে বসে আছে!
এখন দেখা যাক, বন্ধুকে দিয়ে বলিয়ে আলভেস পিএসজির কাছ থেকে ভালো চুক্তি আদায় করতে পারেন কি না!