বন্ধুর জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরিক আবিদাল, দানি আলভেজ
এরিক আবিদাল, দানি আলভেজ

পেশাদার ফুটবলে আবেগ খুবই ঠুনকো একটা ব্যাপার। আজকের সতীর্থ দুদিন পর হতে পারেন ঘোর শত্রু। তার পরও পেশাদারির রুক্ষ জমিতে বন্ধুতা বিছিয়ে দিতে পারে ভালোবাসার পেলব চাদর। নিজের ক্যারিয়ার সংশয় পড়বে জেনেও সতীর্থের পাশে কেউ কেউ এসে দাঁড়ান আত্মার আত্মীয়ের মতো।
যকৃৎ প্রতিস্থাপনের জন্য এরিক আবিদাল যখন দাতা খুঁজছিলেন, সবার আগে সাড়া দিয়েছিলেন বার্সেলোনা সতীর্থ দানি আলভেজ। আবিদাল জানতেন, ওটা করলে সতীর্থের ক্যারিয়ার প্রশ্নের মুখে পড়ে যেত। তাই ফিরিয়ে দিয়েছিলেন বন্ধুর হাত।
আবিদালের ক্যানসার জয়ের গল্পটা অনেকেই জানেন। জানেন, চার বছর আগে চ্যাম্পিয়নস লিগ জিতে বার্সেলোনার ট্রফিটা সবার আগে উঁচু করে ধরেছিলেন এই ডিফেন্ডারই। দুই বছর আগে ন্যু ক্যাম্প থেকে অশ্রুসিক্ত বিদায়ের দৃশ্যটাও হয়তো অনেকের চোখে গেঁথে আছে। যেটা জানতেন না, এই সময়টা আবিদালকে কতটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। জানতেন না, ফুটবল খেলার আশা একসময় ছেড়ে দিয়েছিলেন।
এত দিন পর সাবেক বার্সা ডিফেন্ডার জানাচ্ছেন, ‘আলভেজ আমাকে ওর যকৃৎ দিতে চেয়েছিল। সে খুবই সিরিয়াস ছিল, কিন্তু আমি কখনো এটা মেনে নিতে পারিনি। ওর পরিবার আছে, ক্যারিয়ার আছে। অস্ত্রোপচারটা ছোটখাটো ছিল না।’ পরে তা দিয়েছিলেন তুতো ভাই জেরার্ড। আবিদাল তা ভুলবেন না আজীবন, ‘জেরার্ড আমার জন্য অনেক বড় ঝুঁকি নিয়েছে। সে আমার জীবন বাঁচিয়েছে।’
২০১১ সালে টিউমার ধরার পর ছয় সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পেরেছিলেন। কিন্তু সেবার মৌসুম শেষে দেখা যায়, প্রাণঘাতী রোগটা ছড়িয়ে গেছে অনেক দূর। এরপর যকৃৎ প্রতিস্থাপন, হাসপাতালের বিছানায় যন্ত্রণাকাতর একেকটা সময়। আবিদালের মনে পড়ে যাচ্ছে, ‘আমি ৪২ দিন হাসপাতালে ছিলাম। অসহ্য ব্যথা ছিল। এক মুহূর্তের জন্য ভুলতে পারছিলাম না, আমার ক্যানসার হয়েছে। মানসিক ও শারীরিকভাবে নুয়ে পড়েছিলাম।’
ফুটবলে ফিরতে পারবেন ভাবেননি, ‘সাত মাস আমি কিছুই করিনি। অনুশীলন, খেলা কিছুই না। ভয় পাচ্ছিলাম আর হয়তো খেলতেই পারব না। কোনো কোনো সকালে আমার একটা পেশি নাড়ানোর ক্ষমতাও ছিল না। আমি বার্সেলোনা সতীর্থদের হাসপাতালেও আসতে দিইনি। আমি চাইনি ওরা আমাকে এভাবে দেখুক।’
প্রিয় ন্যু ক্যাম্পে ২০১৩ সালে ফিরেছেন, বিদায়ও নিয়েছেন। এরপর মোনাকো, অলিম্পিয়াড হয়ে গত বছর তুলে রেখেছেন বুটজোড়া। কিন্তু আবিদাল হয়ে আছেন লাখো মানুষের জীবনযুদ্ধের অনুপ্রেরণা। মেইল অনলাইন।