বন্ধুর পথে বন্ধুর হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জিও রামোস
সার্জিও রামোস

মাত্র পাঁচ মাসের মধ্যেই সবকিছু কেমন বদলে গেল রিয়াল মাদ্রিদে! গত জানুয়ারিতেও ক্লাবে ঘনিয়েছিল ঘোর অমানিশা, সেটি কাটিয়ে সেখানে এখন ভোরের প্রথম আলো। একটি ফুটবল ম্যাচের জন্য আর এক দিনের অপেক্ষা। কাল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদার শিরোপাটি জিতে মৌসুম শেষ করার অপেক্ষায় রিয়াল।
পাঁচ মাসেরও কম সময়ে কিসের ছোঁয়ায় এমন বদলে গেল রিয়াল? সার্জিও রামোস এর উত্তরে বলবেন একটা নাম—জিনেদিন জিদান। রিয়াল অধিনায়ক বলছেন, জানুয়ারিতে কোচের দায়িত্ব নেওয়া ‘জিজু’র সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই খেলোয়াড়দের এমন ঐক্যবদ্ধ করেছে, জাগিয়ে তুলেছে সাফল্য-তৃষ্ণা।
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে আজই মিলান যাবে রিয়াল। তার আগে ইতালিয়ান দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্তকে সাক্ষাৎকারে রামোস বললেন রিয়ালের এমন বদলে যাওয়ার নেপথ্য কাহিনি, ‘জিজুর (জিদান) সঙ্গে আমাদের সম্পর্কটা দারুণ। একসঙ্গে যখন খেলতাম, তখন থেকেই আমার সঙ্গে সম্পর্কটা এভাবে গড়ে উঠেছে। এখানে অবশ্য সবাই তাঁকে “দ্বিতীয় কার্লো আনচেলত্তি” হিসেবে চেনে।’ এই সহজ-স্বাভাবিকতাই জিদানের সঙ্গে পুরো দলের সম্পর্কের রসায়নকে আরও জমিয়ে তুলেছে, ‘দলের সঙ্গে তাঁর সম্পর্কটা বন্ধুত্বে রূপ নিয়েছে, সেটিই সবকিছু আরও সহজ করে তুলেছে। রাফায়েল বেনিতেজের সময়ে এই জিনিসটারই অভাব ছিল।’
অতীত রেকর্ড রামোসের কথাই বলে। বেনিতেজের সময়ে মৌসুমের মাঝপথেই একে একে সব শিরোপার আশা নিভে যাচ্ছিল রিয়ালের, যেন পাহাড়ে চড়তে গিয়ে পায়ের নিচ থেকে খসে পড়ছিল নুড়ি পাথরগুলো; সে সময়েই বন্ধুর পথটিতে বন্ধু হয়ে হাত বাড়িয়ে দিলেন জিদান। দুর্দান্ত গোল করে খেলোয়াড় হিসেবে রিয়ালকে ২০০২ চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন ফ্রেঞ্চ কিংবদন্তি, দুই বছর আগে ‘লা ডেসিমা’ জয়ের সময়ও ছিলেন আনচেলত্তির সহকারী। সিনিয়র দলে কোচিংয়ের প্রথম বছরেই রিয়ালকে ‘লা উনডেসিমা’, অর্থাৎ একাদশ শিরোপা জেতাতে পারলে নিজের কিংবদন্তি ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে জিদানের।
ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য অবশ্য তাঁর এমনিতেই বেড়েছে। খেলোয়াড় থাকার সময়ে পায়ে থাকা বলটিকে দিয়েই কথা বলাতেন জিদান। মাঝে মাঝে ঢুঁস-টুসও মেরে বসতেন, তবে মুখে খই ফোটেনি কখনো। কিন্তু বুট ছেড়ে স্যুট পরে ডাগআউটে বসার পর এই জায়গাটাতে বেশ একটু ‘উন্নতি’ করেছেন ৪৩ বছর বয়সী কোচ। রামোস বলছিলেন, ‘খেলোয়াড় হিসেবে তিনি একটু চুপচাপ ছিলেন। কোচ হওয়ার পর নিজেই বুঝে গিয়েছিলেন, এই জায়গাটা একটু বদলানো দরকার। এবং উন্নতিটা তিনি করেছেনও। পুরো দলের সঙ্গে তো কথা বলেনই, জিজু এখন প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গেও আলাদা করে কথা বলেন। প্রতিদিন।’
পাঁচ মাস ধরে করে আসা কাজটিই কাল আরেকবার করতে হবে ‘জিজু’কে। মৌসুমে শেষ একবার দলের পাশে দাঁড়াতে হবে প্রেরণাদায়ী বন্ধুর মতো। গোলডটকম।