বন্ধুরা এখন 'শত্রু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি, নেইমার
লিওনেল মেসি, নেইমার

তাঁরা হয়তো বড় শত্রু হয়েই থাকতেন। ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘ ফুটবল বৈরিতার ইতিহাস সেটাই বলে। কিন্তু নিয়তি বোধ হয় অন্য রকম ভেবে রেখেছিল। তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের হয়েও মেসি-নেইমার হয়ে গেলেন বন্ধু। বন্ধুতার সুতোয় দুজনকে বেঁধেছে অবশ্য বার্সেলোনা। মেসি তো বলতে গেলে শৈশব থেকেই সেখানে, সান্তোস ছেড়ে বছর দুয়েক আগে নেইমারও ন্যু ক্যাম্পে আসার পর মাঠে জমে গেল জুটি, গলায় গলায় ভাব মাঠের বাইরেও। সদ্য শেষ হওয়া মৌসুমে লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে মেসি-নেইমার বার্সেলোনাকে উপহার দিয়েছেন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা একটা মৌসুম, জিতিয়েছেন ত্রিমুকুট। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জয়ের সপ্তাহ খানেক পরই বার্সেলোনার জার্সি ছেড়ে যখন যাঁর যাঁর দেশের জার্সি গায়ে মাঠে নামবেন দুজন, বন্ধুত্বটা কিছুদিনের জন্য ভুলে যেতে হবে মেসি-নেইমারকে। শত্রু না হোক, মাস খানেক প্রতিপক্ষ হয়ে দুজন লড়বেন আর্জেন্টিনা আর ব্রাজিলকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফিটা এনে দেওয়ার জন্য।
চাপটা অবশ্য মেসিরই বেশি। বার্সেলোনার হয়ে যাঁর এত এত অর্জন, আর্জেন্টিনার হয়ে সেই তিনিই জিতেছেন শুধু ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনা! তিনটি বিশ্বকাপ তাঁকে খালি হাতে ফিরিয়েছে, ফিরিয়েছে আগের দুটি কোপা আমেরিকাও। দেশের হয়ে এবার একটা ট্রফি জিততে তাই মরিয়া মেসি, ‘লক্ষ্য একটাই, জয়। দেশের জার্সি গায়ে মাঠে নামা, অধিনায়কের দায়িত্ব পালন করা—সত্যিই গর্বের৷ কিন্তু ট্রফিই হচ্ছে আমার চূড়ান্ত চাওয়া।’ তাঁকে ঘিরে আশাবাদী আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোও, ‘সম্প্রতি ও যা করেছে, তা আগে কখনো দেখিনি৷ খেলাটা যে আরও বেশি উপভোগ করছে দেখলেই বোঝা যায়৷ আশা তো করি, এবার দারুণ কিছু করবে আমাদের দল৷’ এএফপি, গোলডটকম।
কিন্তু মেসির এই শিরোপস্বপ্ন যে ভেঙে দিতে চেষ্টার ত্রুটি রাখবেন না বন্ধু নেইমার। বার্সার হয়ে ত্রিমুকুট জয়ের উৎসব শেষে মেসির মতো তিনিও গত মঙ্গলবার যোগ দিয়েছেন জাতীয় দলে। অধিনায়ককে পেয়ে উচ্ছ্বসিত ব্রাজিল কোচ দুঙ্গাও। বার্সার হয়ে নেইমার দুর্দান্ত একটা মৌসুম কাটিয়ে আসায় ব্রাজিলেরই লাভ দেখছেন দুঙ্গা, ‘এখন সে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে জাতীয় দলে খেলতে পারবে।’ তবে নেইমারের ওপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকেও বেশ সতর্ক ব্রাজিল কোচ, ‘দলগত পারফরম্যান্স ছাড়া একা কেউ কোনো ট্রফি জেতাতে পারে না। বিশ্বকাপেও যে দলগুলো একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে খেলেছে তারা কিন্তু কিছু জিততে পারেনি।’
ইঙ্গিতটা কি মেসির আর্জেন্টিনার দিকে!