বয়স থামাতে পারবে না রোনালদোকে!

ফুটবলে ‘৩০ বছর’কে ক্যারিয়ারের গোধূলিবেলা বলেই বিবেচনা করা হয়। যা করার ত্রিশের আগেই করতে হবে—ফুটবলারদের ক্ষেত্রে এ যেন এক অলিখিত নিয়ম। ক্রিস্টিয়ানো রোনালদোর অর্জনের খাতাটা অবশ্য যথেষ্ট সাফল্যমণ্ডিতই। ত্রিশের আগেই সারা হয়ে গেছে তাঁর অনেক অর্জন। আগামী ৫ ফেব্রুয়ারি ‘সিআর-সেভেন’ পা দেবেন ত্রিশে। সাধারণ ফুটবলপ্রেমীদের ভাষায়, পুর্তগিজ ফরোয়ার্ড তখন চলে যাবেন ‘বুড়োদের কাতারে’। ত্রিশের কোটায় কী থাকবে রোনালদোর ফর্মের ধার?
সাবেক রিয়াল মাদ্রিদ ক্রীড়া পরিচালক হোর্হে ভালদানো মনে করেন, রোনালদোর জন্য বয়স কোনো সমস্যা হবে না। বয়সটা হবে ওর কাছে স্রেফ একটা সংখ্যাই! আর্জেন্টিনার ’৮৬ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ভালদানো বললেন, ‘এটা ঠিক ফুটবলে বয়স ফুটবলারদের ফর্মের ওপর প্রভাব বিস্তার করে। কিন্তু রোনালদোর হিসাবটা সম্পূর্ণ আলাদা। বয়স ওকে কাবু করতে পারবে না। সে দুর্দান্ত এক খেলোয়াড়। সব সময়ই নিখুঁত ফুটবল খেলতে সে মুখিয়ে থাকে। অবিশ্বাস্য রকম গৌরবাকাঙ্ক্ষী। তার সতীর্থরাও দারুণভাবে উদ্বুদ্ধ হয় এই গৌরবাকাঙ্ক্ষায়।’ মার্কা ও গোলডটকম।