বরখাস্ত বেনিতেজ, নতুন কোচ জিদান

গুঞ্জনটা বাতাসে ভাসছিল বেশ কিছুদিন ধরেই। বোমাটা কালই ফাটল হঠাৎ করে। স্প্যানিশ প্রচারমাধ্যম জানিয়েছে, রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাবের জরুরি এক বৈঠকেই সিদ্ধান্তটা নিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। আনুষ্ঠানিক ঘোষণাটা রিয়াল দিয়েছে বাংলাদেশ সময় কাল মধ্যরাতে। ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে নতুন কোচ করার ঘোষণাও এসেছে তাতে।
সম্প্রতি অজস্রবার প্রশ্নটা শুনতে হয়েছে বেনিতেজকে। পরশু যেমন ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচের পরও শুনতে হলো, ‘আপনি কি ছাঁটাই হওয়ার শঙ্কায় আছেন?’ রিয়াল কোচ তখন বিরক্তিভরেই এটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তখন কি আর ভাবতে পেরেছিলেন, মাত্র সাত মাসের মাথায় ক্লাব থেকে তাঁর বিদায়ের ক্ষণটা এসে গেছে!
তবে বেনিতেজের পায়ের নিচ থেকে মাটি যে একটু একটু করে সরে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছিল। এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে রিয়াল ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরেই গুঞ্জনটা জোরালো হয়। তবে পেরেজ নিজে সংবাদ সম্মেলন ডেকে বেনিতেজের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুই মাসের মধ্যে কী এমন হলো, পেরেজের সেই আস্থার প্রাচীরটা ক্ষয়ে গেল?
পরশু ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্রটাই হয়তো শেষ আঘাত হিসেবে এসেছে। তবে শুধু ফল নয়, খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের অবনতির মূল্যও সম্ভবত চুকাতে হয়েছে বেনিতেজকে। ইসকো, ক্রুস, রদ্রিগেজদের সঙ্গে কোচের শীতল সম্পর্কের কথা বেশ কিছুদিন থেকেই বলে আসছে স্প্যানিশ প্রচারমাধ্যম। ভ্যালেন্সিয়া ম্যাচ শেষে বেনিতেজ কোচ থাকবেন কি না, সেই প্রশ্নটাও সার্জিও রামোস সুকৌশলে এড়িয়ে যান। রিয়াল ডিফেন্ডার কি কিছু অনুমান করতে পেরেছিলেন?
সেটি বলার উপায় নেই। তবে সর্বশেষ এই ড্রয়ের পরও খেলোয়াড়দের পাশেই ছিলেন বেনিতেজ, ‘এই ম্যাচটা শুধু ফলের দিক দিয়ে দেখলে সেটা দলের প্রতি অবিচার হবে। খেলোয়াড়দের প্রশংসা অবশ্যই প্রাপ্য। তারা নিজেদের উজাড় করে দিয়েই খেলেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৩ পয়েন্ট পাওয়ার জন্য সেটা যথেষ্ট ছিল না।’
যথেষ্ট হলো না বেনিতেজের চাকরি বাঁচাতেও। রিয়াল মাদ্রিদের ‘বি’ দল কাস্তিয়ার কোচ জিদানই আপাতত ধরলেন মূল দলের হাল। এএফপি, রয়টার্স, মার্কা, এএস।