বরখাস্ত হওয়ায় লোপেতেগির কাছে ক্ষমা চাইলেন ভারানে

বিশ্ব ফুটবলে বিষয়টি নজির হয়ে থাকতে পারে। দলের ভরাডুবিতে বরখাস্ত হওয়া কোচের কাছে নিজের ভুল ত্রুটির ক্ষমা চেয়েছেন কোনো ফুটবলার। এ কাজটিই করেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাফায়েল ভারানে। গত অক্টোবরে রিয়ালের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে হুলেন লোপেতেগিকে। এর পেছনে ভারানের বাজে ফর্ম কিছুটা ভূমিকা রেখেছে। এ কারণেই ক্ষমা চেয়েছেন বিশ্বকাপজয়ী ফরাসি ডিফেন্ডার।
অনেক নাটকের জন্ম দিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন লোপেতেগি। এ কারণে বিশ্বকাপে গিয়েও স্পেন দলের দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে তাঁকে। কিন্তু রিয়ালেও ভাগ্য বদলায়নি তাঁর। মৌসুমের শুরুতেই ফর্ম হারিয়ে বসে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর ম্যাচটি ছিল লোপেতেগির জন্য অগ্নিপরীক্ষা। সে ম্যাচে ক্যাম্প ন্যুতে মেসিবিহীন বার্সার কাছে ৫-১ গোলে হেরে বসে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন হার স্বাভাবিকভাবে মেনে নেওয়ার লোক নন ফ্লোরেন্তিনা পেরেজ। ব্যাস, রিয়ালের কোচের পদ থেকে বরখাস্ত হন লোপেতেগি।
কিন্তু খেলোয়াড়েরা মাঠে ভালো খেলতে না পারলে কোচের আর কী দোষ! বিশ্বকাপে ক্রোয়েশিয়া ও ফ্রান্স ফাইনাল খেলেছিল। এর ধকল সামলাতে সময় লেগেছে লুকা মদরিচ ও রাফায়েল ভারানে। ক্লাবের হয়ে শুরুতে দুজনই খুব বাজে খেলেছেন। ভারানের দোষে বেশ কয়েকটি ম্যাচে গোল খেয়েছে রিয়াল। এ বিষয়টি হয়তো কুড়ে কুড়ে খাচ্ছিল ভারানেকে। তাই সাবেক কোচ লোপেতেগির কাছে ফোন করে ক্ষমা চেয়ে নিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, কথোপকথনে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন ভারানে। সাবেক শিষ্যের এ কাণ্ডে খুবই খুশি হয়েছেন লোপেতেগি।