বরখাস্ত হচ্ছেন এনরিকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মারিয়া বার্তোমেউ ও লুইস এনরিকের কথা শুনে মনে হতে পারে, আপাতত বার্সেলোনার ভাগ্যাকাশ থেকে কালো মেঘ কেটে গেছে। তবে স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টিভি-থ্রির দাবি ঠিক হলে খুব তাড়াতাড়িই বড় কোনো ওলটপালট হতে পারে ন্যু ক্যাম্পে।
বেশ কয়েক দিন থেকেই শোনা যাচ্ছে, বার্সেলোনা কোচ এনরিকের সঙ্গে মেসির সম্পর্কটা ভালো যাচ্ছে না। দুজনের মধ্যে বেশ কয়েকবার কথা-কাটাকাটি হয়েছে, মেসি নাকি কোচের ওপর রাগ করেই এক দিন অনুশীলনে গরহাজির ছিলেন। ‘হয় মেসি, নয় এনরিকে’—এমন একটা কথাও ভাসছিল বাতাসে। টিভি-থ্রির দাবি, এনরিকেকেই চলে যেতে হচ্ছে। বার্সা সভাপতি বার্তোমেউ নাকি মেসিকে জানিয়ে দিয়েছেন, এনরিকেকে আগামীকাল অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচের পরেই ছাঁটাই করা হবে। মেসি নতুন কোচ হিসেবে নিজের পছন্দটাও জানিয়ে দিয়েছেন। ২০০৪ সালে যাঁর হাত ধরে বার্সার জার্সি গায়ে চড়িয়েছিলেন, সেই ফ্রাঙ্ক রাইকার্ডকেই আবার ক্লাবের ডাগ-আউটে দেখতে চান মেসি। তবে বার্তোমেউ গুঞ্জনটা উড়িয়ে দিয়েছেন, ‘কেউ আমাকে কাউকে বরখাস্ত করতে বলেনি। আমি ড্রেসিংরুমে গিয়েছিলাম, সেটা তো সব সময়ই যাই। তবে টিভি-থ্রির দাবিটা মিথ্যা।’
কিন্তু এনরিকে কী ভাবছেন? বার্সেলোনা কোচ কাল সংবাদ সম্মেলনে এসব গুঞ্জনকে খুব একটা পাত্তা দিতে চাননি, ‘অনেক রকম খবর ছড়াচ্ছে, কিছু আবার অসৎ উদ্দেশ্যে। আমি এই বিপজ্জনক খেলায় নিজেকে জড়াতে চাই না। আমি নিশ্চিত করে বলতে পারি যখন খেলোয়াড়েরা আমার পাশে থাকবে না, আমি নিজ থেকে সরে দাঁড়াব। এ মুহূর্তে আমি কাজের প্রতি নিবেদিতই আছি। কোনো কিছুই সেটি থেকে আমাকে সরাতে পারবে না।’
এনরিকের কপালে কী আছে, সেটা সময় হলেই জানা যাবে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মেসি আপাতত বার্সেলোনা ছাড়ছেন না। সম্ভাব্য গন্তব্য হিসেবে যে ক্লাবের নামটি বেশি আলোচনায় এসেছিল, সেই চেলসিই পরশু একরকম সরে দাঁড়ানোরই ইঙ্গিত দিয়েছে। চেলসির সহকারী কোচ স্টিভ হল্যান্ড উয়েফার ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লেকেই’ এ জন্য দায়ী করছেন, ‘মেসিকে আনার জন্য অঙ্কটা যখন শুনবেন, তখন সেটা প্রায় অসম্ভব বলেই মনে হবে।’ মেসিকে আনতে বার্সেলোনাকে শুধু ‘বাই আউট’ ধারার জন্যই দিতে হবে ২৫ কোটি ইউরো, সঙ্গে গগনচুম্বী বেতন তো আছেই। যুক্তরাজ্যের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের গবেষক রব উইলসন বলছেন, মেসিকে কেনার সম্ভাবনা কোনো ক্লাবের নেই বললেই চলে। যদি কোনো ক্লাব কিনতে পারে, সেটা হবে ম্যানচেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদ। গোলডটকম, মেইল অনলাইন।