কোচ সৈয়দ গোলাম জিলানীকে মাথার ওপর তুলে আনন্দে নাচছে একদল কিশোর। ছবিটা এখনো এ দেশের ফুটবলপ্রেমীদের মনের ফ্রেমে ধরা আছে। বছর দুয়েক আগে সিলেটে সর্বশেষ সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে বাংলাদেশকে শিরোপা উপহার দেওয়া কোচ তখন সবার মাথার মণি ছিলেন। আবারও দুয়ারে কড়া নাড়ছে সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্ট। নেপালে আগামী ১৮-২৭ আগস্ট হবে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু বাংলাদেশের ডাগআউটে এবার আর থাকা হচ্ছে না চ্যাম্পিয়ন দলের কোচের!
বাংলাদেশ ফুটবল ফেডারেশন গোলাম জিলানীকে কোনো দায়িত্ব না দিয়ে বসিয়ে রাখা হয়েছে। গত জুনে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে পাতানো ম্যাচ খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে জিলানীর বিরুদ্ধে। বাফুফের তালিকাভুক্ত কোচ হওয়া সত্ত্বেও ওই সময় তিনি ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের কর্মকর্তা হিসেবে যুক্ত ছিলেন। ঢাকা ইউনাইটেডের সঙ্গে ফ্রেন্ডসের ম্যাচটি পাতানো ছিল না বলে মিডিয়ায় তখন বক্তব্যও দিয়েছিলেন এই কোচ। কিন্তু মহানগর লিগ কমিটি পুরো ঘটনা তদন্ত করে এই দুই ক্লাবকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেয়। জিলানীকে কর্মহীন করে রাখা হয়।
এবার হয়তো আরও বড় শাস্তি অপেক্ষা করছে জিলানীর জন্য। বাফুফের তালিকাভুক্ত কোচ থেকে বরখাস্ত করা হতে পারে তাঁকে। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা কাল বলেছেন, ‘আমাদের পরবর্তী কার্যনির্বাহী সভায় তাঁর ব্যাপারটা তোলা হবে। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁকে হয়তো অব্যাহতি দেওয়া হবে।’
এই কোচের ম্যাচ পাতানোয় জড়িত থাকার বিষয়টি নিয়ে বাফুফের ব্যাখ্যা চেয়েছিল এএফসি। বাফুফে থেকে মহানগরী লিগ কমিটির সিদ্ধান্ত এএফসিকে জানানো হয়েছে। শাস্তি এড়াতে দুই ক্লাব আবেদন করলেও সেটি খারিজ করে দেয় বাফুফে। এএফসিকে এসবও জানানো হয়েছে। এশীয় পর্যায়ের সব রকমের কোচিং কার্যক্রম থেকেও জিলানীকে নিষিদ্ধ করার কথা ভাবছে এএফসি। কাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘এএফসি ম্যাচ পাতানোর অভিযোগ ওঠা কোচের নাম, পাসপোর্ট নম্বর, বাসার ঠিকানা এগুলো জানতে চেয়েছে। দু-এক দিনের মধ্যেই এগুলো পেলে এএফসি তাঁদের নিষেধাজ্ঞার কথা আমাদের জানিয়ে দেবে। শাস্তি পাওয়া ক্লাব, ফুটবলার ও কর্মকর্তারা বাফুফের সিদ্ধান্তগুলো জেনেছে কি না, সেটাও এএফসি জানতে চেয়েছে। আমরা জানিয়েছি, ওই ক্লাবগুলো বাফুফের সিদ্ধান্তের চিঠিগুলো পেয়েছে।’
বর্তমানে খুলনায় সাফ অনূর্ধ্ব-১৫ দলের অনুশীলন ক্যাম্প চলছে। গোলাম জিলানীর পরিবর্তে এবার এই দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে পারভেজ বাবুকে। তাঁর সহকারী মাহবুব আলম ও আহসানউজ্জামান। গোলরক্ষক কোচ জাহানই আলম নুরী রাহেল।
বাফুফের কোচ সমন্বয়ক কর্মকর্তা বি এ যোবায়ের এই কোচদের নিয়েই আশাবাদী, ‘জিলানী গতবারের চ্যাম্পিয়ন দলের কোচ। সে এবারও এই পদের যোগ্য ছিল। কিন্তু ম্যাচ পাতানোর অভিযোগ আছে ওর বিরুদ্ধে। তাই আপাতত তাকে ওএসডি করে রাখা হয়েছে। তবে ও না থাকলেও ছেলেদের অনুশীলন থেমে নেই। আশা করি, এই কোচরাও ভালো একটা ফল উপহার দেবেন।’