বরখাস্তই হলেন ড্যানি ব্লিন্ড

গত শনিবার বুলগেরিয়ার কাছে হল্যান্ড হেরে যাওয়ার পরই বুঝে ফেলেছিলেন, চাকরিটা হারাতে হবে তাঁকে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কথাবার্তায় বুঝিয়ে দিয়েছিলেন, তিনি এর জন্য প্রস্তুত। ড্যানি ব্লিন্ডকে বুদ্ধিমানই বলতে হবে! কোনো কিছু আগাম বুঝতে পারা তো বুদ্ধিমত্তারই প্রমাণ। তা যতই বুঝতে পারেন না কেন, বরখাস্ত হওয়ার খবরে খুব কষ্ট পেয়েছেন ব্লিন্ড, ‘এভাবে সম্পর্ক ছেদ হওয়াটা দুঃখজনক।’
বুলগেরিয়ার কাছে হারের পরদিনই ডাচ ফুটবল ফেডারেশন বরখাস্ত করেছে ব্লিন্ডকে। ওই হারে আগামী বছরের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠা ঘোর অনিশ্চিত হয়ে পড়েছে হল্যান্ডের। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ স্থানে আছে ডাচরা। শীর্ষে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৩। নয় গ্রুপের শীর্ষ নয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। সেরা আট রানার্সআপ সুযোগ পাবে প্লে-অফ খেলার। পয়েন্ট তালিকায় ফ্রান্স ও হল্যান্ডের মাঝখানে আছে সুইডেন (১০ পয়েন্ট) ও বুলগেরিয়া (৯)। প্রতিটি দলের ম্যাচ বাকি ৫টি করে।
গত ইউরোতে দর্শক হয়ে ছিল হল্যান্ড। বিশ্বকাপেও সেটির পুনরাবৃত্তি হওয়ার শঙ্কা। তবু শেষ চেষ্টা করে দেখতে চায় ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। সেই ভাবনা থেকেই ব্লিন্ডকে বিদায় বলে দেওয়া। নতুন কোচ এনে যদি কিছু হয়!
শুধু কোচই নয়, পরীক্ষিত একজনের শরণাপন্ন হওয়ার কথাও ভাবছে কেএনভিবি। গত বছর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়া লুইস ফন গালকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন কেএনভিবির পেশাদার ফুটবল পরিচালক। ইউনাইটেডে যা-ই করুন না কেন, ২০১২ ইউরোতে ব্যর্থতার পর হল্যান্ডের দায়িত্ব নিয়ে দুই বছর পরই বিশ্বকাপে ডাচদের তৃতীয় স্থান এনে দিয়েছিলেন ফন গাল। নতুন কোচও খোঁজা হচ্ছে। তবে হল্যান্ডের পরের ম্যাচ যেহেতু আগামী জুনে, এ নিয়ে তাড়াহুড়ো করা হবে না বলে জানিয়ে দিয়েছে ডাচ ফেডারেশন। সূত্র: এএফপি।