বরুসিয়া, অ্যাটলেটিকো ও আর্সেনালের জয়, হেরেছে জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত সময়ে পোডলস্কির গোলই দারুণ জয় এনে দিয়েছে আর্সেনালকে
অতিরিক্ত সময়ে পোডলস্কির গোলই দারুণ জয় এনে দিয়েছে আর্সেনালকে

চ্যাম্পিয়নস লিগে গত রাতে জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু অলিম্পিয়াকসের কাছে হেরে গেছে জায়ান্ট জুভেন্টাস।
বরুসিয়া ৪-০ গোলে হারিয়েছে গ্যালাতাসারাইকে। আর্সেনাল শেষ মুহূর্তের ঝলকে ২-১ গোলের দারুণ এক জয় পেয়েছে আন্ডারলেখটের বিপক্ষে আর অ্যাটলেটিকো ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মালমোকে। তবে পিরাইউসে অলিম্পিয়াকসের বিপক্ষে ১-০ গোলে হেরে বেশ বিপদেই পড়ে গেছে জুভরা।
কিয়েরান গিবস ও লুকাস পোডলস্কি খুব জোর বাঁচিয়ে দিয়েছেন আর্সেনালকে। ৭১ মিনিটে অ্যান্ডি নাজারের গোলে এগিয়ে গিয়েছিল আন্ডারলেখট। গিবস আর্সেনালকে সমতায় ফেরান ৮৯ মিনিটে। খেলার অতিরিক্ত সময়ে পোডলস্কির গোলে জন্মদিনে দারুণ এক উপহারই পেয়ে গেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে এই জয়ে প্রাপ্ত তিন পয়েন্ট আর্সেনালের জন্য বেশি গুরুত্ব বহন করছে।
গতবারের ফাইনালিস্ট অ্যাটলেটিকো মাদ্রিদ বড় জয় পেলেও খেলার প্রথমার্ধটা দেখে কিন্তু বড় জয়ের কোনো আভাসই মেলেনি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর খেলার ৪৮ মিনিটে প্রথম গোল পায় অ্যাটলেটিকো। কোকের গোলে এগিয়ে যাওয়ার পর ৬১ মিনিটে ব্যবধান বাড়ান মারিও মানজুকিচ। এর দুই মিনিট পরেই গ্রিয়েজমেন অ্যাটলেটিকোকে এগিয়ে নেন ৩-০ গোলে। গডিনের ৮৭ মিনিটে দলকে এগিয়ে দেন ৪-০ গোলে। অতিরিক্ত সময়ে সিয়েরসির গোলে অ্যাটলেটিকো পেয়ে যায় তৃপ্তিদায়ক এক জয়।

এমন উৎসব অ্যাটলেটিকোকেই মানায়
এমন উৎসব অ্যাটলেটিকোকেই মানায়

গ্যালাতাসারাইয়ের বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের ৪-০ গোলে জয়ে সবচেয়ে বড় অবদান গ্যাবন উইঙ্গার পিয়েরে-এমেরিক অবামেয়াং। তাঁর ৬ ও ১৮ মিনিটের দুটি গোলের পাশাপাশি মার্কো রিউজ ও আদ্রিয়ান রামোসের আরও দুই গোলে দারুণ এই জয়টি তুলে নেয় বরুসিয়া। এই জয়ে বুন্দেসলিগায় সাম্প্রতিক দুর্বল পারফরম্যান্সের মুখে কিছুটা হলেও স্বস্তি খুঁজে নিতে পারেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
প্রথমার্ধের ৩৫ মিনিটে সুইস মিডফিল্ডার পাজতিম কাসামির গোলে জুভেন্টাসের বিপক্ষে অলিম্পিয়াকসের জয়টাকে দুর্দান্তই বলা চলে। এই জয়ে গ্রুপ ‘এ’তে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে যৌথভাবে শীর্ষে চলে গেল অলিম্পিয়াকস। হারের ফলে জুভেন্টাসের অবস্থান এই দুই ক্লাবের ঠিক তিন পয়েন্ট নিচেই।
অলিম্পিয়াকসের এই জয়ে দারুণ খুশি কোচ মিচেল। তিনি এই জয়ে তাঁর দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, দারুণ এই জয়ে শেষ ষোলোর পথে আমরা অনেকদূরই এগিয়ে গিয়েছি। পরিশ্রমী ফুটবল উপহার দিয়েই তাঁর দল জুভেন্টাসকে হারিয়েছে বলে মনে করেন অলিম্পিয়াকসের এই স্প্যানিশ কোচ।
আর্সেনালের এই জয়কে ‘স্নায়ুর লড়াইয়ে’ উৎরে যাওয়া বলেই মনে করেন আর্সেন ওয়েঙ্গার। তিনি বলেছেন, ‘অভিজ্ঞতা থেকে দেখেছি চ্যাম্পিয়নস লিগের খেলাগুলোয় শেষ পাঁচ মিনিট স্নায়ুর লড়াই খুব বড় ভূমিকা পালন করে। আমরা এই স্নায়ুর লড়াইয়েই আন্ডারলেখটকে পেছনে ফেলেছি।’

তেভেজ পারেননি জুভেন্টাসের হার এড়াতে
তেভেজ পারেননি জুভেন্টাসের হার এড়াতে

ইয়ুর্গেন ক্লপ মনে করেন, গ্যালাতাসারাইয়ের বিপক্ষে তাঁর দল পরিকল্পনামাফিকই খেলেছে, ‘পুরো খেলায় প্রতিটি জিনিসই পরিকল্পনামাফিক হয়েছে। তবে শুরুতেই দুটো গোল পেয়ে যাওয়া বড় জয়ে খুব বড় ভূমিকাই রেখেছে। এই জয়ে প্রমাণিত হয়েছে পরিকল্পনামাফিক খেলাটা খেলতে বরুসিয়ার খেলোয়াড়েরা পারঙ্গম।’
শেষ পর্যন্ত বড় জয় পেলেও প্রথমার্ধে কিছুটা শঙ্কিতই ছিলেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। বলেছেন, দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ কাজে লাগাতে পারার পারঙ্গমতাই দুই দলের ব্যবধান তৈরি করেছে, ‘প্রথমার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করেছি আমরা। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ কাজে লাগানোর ব্যাপারটিই দুই দলের পার্থক্যটা গড়ে দিয়েছে। আমরা প্রাপ্ত সুযোগ দারুণভাবেই কাজে লাগিয়েছি। ভালো লাগছে যে চ্যাম্পিয়নস লিগে আমরা আমাদের জয়যাত্রা ধরে রাখতে পেরেছি।’ সূত্র: এএফপি।

গোলের পর অবামেয়াংয়ের উল্লাস
গোলের পর অবামেয়াংয়ের উল্লাস