বর্ণবিদ্বেষের শিকার রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার বর্ণবিদ্বেষের শিকার রোনালদিনহো ছবি: রয়টার্স।
এবার বর্ণবিদ্বেষের শিকার রোনালদিনহো ছবি: রয়টার্স।

গায়ের রঙের কারণে প্রায়ই ইউরোপে বর্ণবিদ্বেষের শিকার হন আফ্রিকা ও লাতিন অঞ্চলের ফুটবলাররা। অনেক সময় খেলোয়াড়ের খ্যাতিও মিথ্যে প্রমাণিত হয়ে যায় বর্ণবাদের নৃশংস থাবায়। নতুন করে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ব্রাজিলীয় তারকা রোনালদিনহো। মেক্সিকোর ক্লাব কুয়েরেতারোয় সই করার কয়েক দিনের মধ্যেই তাঁকে নিয়ে আপত্তিকর বর্ণবাদী মন্তব্য এসেছে মেক্সিকোর এক রাজনীতিকের কাছ থেকে।

মেক্সিকোর লিগাএমএক্সে গত শুক্রবার ছিল কুয়েরেতারোর সঙ্গে পুয়েবলার ম্যাচ। রোনালদিনহো কুয়েরেতারোর হয়ে খেলছেন, স্বভাবতই দর্শক উন্মাদনার কমতি ছিল না সে ম্যাচে। কুয়েরেতারোর টিম বাস স্টেডিয়ামে পৌঁছাতেই রোনালদিনহোকে নিয়ে মেতে ওঠেন ভক্ত-সমর্থকেরা। রোনালদিনহো-উন্মাদনা সেদিন বোধগম্য কারণেই সমস্যার সৃষ্টি করেছিল মেক্সিকো সিটির কেন্দ্রে অবস্থিত ভেন্যুর আশপাশে। ওদিক দিয়েই কোনো এক জায়গায় যাচ্ছিলেন মেক্সিকান রাজনীতিক কার্লোস ত্রেভিনো। রোনালদিনহোর কারণে সৃষ্ট যানজটে বিরক্ত হয়ে গাড়িতে বসেই করে বসলেন এক বর্ণবিদ্বেষী টুইট। ত্রেভিনো টুইটারে লিখেছিলেন, ‘বুঝতে পারছি না একটা বনমানুষকে দেখতে কেন এত লোকের ভিড়!’

ত্রেভিনো এই মন্তব্য করতেই ক্ষোভে ফুঁসে উঠেছে মেক্সিকোর সচেতন মানুষ। রোনালদিনহোর ক্লাব কুয়েরেতারো এক বিবৃতিতে বলেছে, ‘রোনালদিনহোকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য ত্রেভিনোকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তারা ওই রাজনীতিকের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছে। সূত্র: এনবিসি স্পোর্টস।