বর্ণান্ধতা জয় করে তিনি এখন ডেনিশ রূপকথার সহযাত্রী

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পর টমাস ডেলেনির উদযাপন।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ইউরোয় ডেনমার্ককে ঘিরে প্রায় সবার মনেই একরকম দুর্বলতার সৃষ্টি হয়েছে।

প্রথম ম্যাচে দলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় ক্রিস্টিয়ান এরিকসেনের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া থেকে শুরু করে দলটির হার না মানা মানসিকতা, দৃষ্টিনন্দন ফুটবল, খেলোয়াড়দের একতা—সবকিছুই মন জয় করে নিচ্ছে।

এর মধ্যেই সেমিফাইনালে উঠেছে ডেনমার্ক। ফাইনালে ওঠার পথে তাদের বাধা ইংল্যান্ড।

ডেনমার্ককে ফাইনালে তোলার লড়াইয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে টমাস ডেলেনিকে। ডেনিশ এই রক্ষণাত্মক মিডফিল্ডার গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন, মাঠে দৌড়াচ্ছেন নিরন্তর।

এই টুর্নামেন্টে প্রায় ৪৪ কিলোমিটার দৌড়ে দলের ‘প্রেসিং’য়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন ডেলেনি। কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোলও করেছেন হেডে। ৫৯ ম্যাচ খেলা বরুসিয়া ডর্টমুন্ডের এই মিডফিল্ডার নিঃসন্দেহে অনেক বড় ভরসা কোচ ক্যাসপার হিউলমান্দের।

ডেনমার্কের হয়ে মাঠে নিজেকে নিংড়ে দেন ডেলেনি। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে।
ছবি: রয়টার্স

অথচ একটু এদিক-সেদিক হয়ে গেলে হয়তো ফুটবলার হওয়ার স্বপ্নই পূরণ হতো না ডেলেনির। হয়তো খেলতে পারতেন না শীর্ষ পর্যায়ে। স্বপ্নপূরণের পথে তাঁর বড় বাধা হয়ে দাঁড়িয়ে ছিল বর্ণান্ধতা। লাল আর সবুজ রং চিনতে পারেন না এই মিডফিল্ডার।

বেশ ঝামেলাই হতো তাঁর। হবে না-ই বা কেন? তাঁর দেশের জার্সির মূল রং লাল, আর সাবেক ক্লাব ভেরডার ব্রেমেনের জার্সির রং যে সবুজ!

কিন্তু ডেলেনি থেমে থাকেননি। দুর্বলতাকে বানিয়েছেন শক্তি। ২০১৮ বিশ্বকাপের আগে ডেনমার্ক বনাম মেক্সিকো ম্যাচে এক ভক্তের মনে সাহস দেওয়ার জন্য ফোন করেছিলেন ডেলেনি।

সেই ভক্তও ছিলেন বর্ণান্ধ, ডেনমার্কের লাল ও মেক্সিকোর সবুজ জার্সি চিনতে পারছিলেন না। ফোন করে ডেলেনি বলেন, ‘আমার নাম টমাস, আমারও ঠিক এই সমস্যাটাই হয়।’

যদিও তিনি কে, সেই পরিচয় পুরোপুরি দেননি ডেলেনি। শুধু জানিয়েছিলেন, তিনি ডেনমার্ক জাতীয় দলের খেলোয়াড়। এই ঘটনার পর থেকে বিশ্বব্যাপী বর্ণান্ধ মানুষের কাছে কিংবদন্তি হয়ে যান ডেলেনি।

তাঁর আগে শীর্ষ পর্যায়ের কোনো ফুটবলার জনসমক্ষে এই দুর্বলতার কথা স্বীকার করেননি বলে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বর্ণান্ধতা সতর্কীকরণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ক্যাথরিন অ্যালবানি ওয়ার্ড, ‘এই কথাটা অনেকেই স্বীকার করতে চান না; কারণ, তাঁরা মনে করেন, এই কথা স্বীকার করলে তাঁর দাম কমে যাবে।’

এর আগে ডেলেনির যেন দেখতে সুবিধা হয়, সে জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে ডেনমার্ক অ্যাওয়ে জার্সি পরেছিল। ডেনমার্কের দেখাদেখি একই কাজ করেছিল অস্ট্রেলিয়াও।

এই টুর্নামেন্টে বেশ কয়েকটা ম্যাচে লাল জার্সি পরে খেলেছে ডেনমার্ক। তবে জার্সি দেখতে সমস্যা যদি হয়েও থাকে, ডেলেনি যে পাত্তা দিচ্ছেন না, সেটা তো তাঁর পারফরম্যান্সেই পরিষ্কার!