বর্ণিল আয়োজনে লোগো উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিএসএলের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রতীকী ফুটবলের ওপর হাত রাখলেন আমন্ত্রিত অতিথি ও আয়োজক কর্মকর্তারা l প্রথম আলো
কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিএসএলের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রতীকী ফুটবলের ওপর হাত রাখলেন আমন্ত্রিত অতিথি ও আয়োজক কর্মকর্তারা l প্রথম আলো

সঞ্চালকের ঘোষণার পরপরই আয়োজক ফুটবল ফেডারেশন ও সাইফ পাওয়ারটেকের কর্মকর্তারা মঞ্চে উঠলেন। খানিকক্ষণ পিনপতন নীরবতা। ততক্ষণে নিভে গেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট। শুধু আলো-আঁধারিতে চলছে লেজার শোর লুকোচুরি। সন্ধ্যার আকাশে বর্ণিল আতশবাজির ফোয়ারায় তখন মুগ্ধ স্টেডিয়ামে আসা হাজার তিনেক দর্শক। এরই মধ্যে বড় পর্দায় চলল ক্ষণগণনা। মঞ্চ
ফুঁড়ে ধীরে ধীরে উঠে এল বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) লোগো। আগামী অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই
ফুটবল লিগ। খেলা হবে দেশের আটটি বিভাগীয় শহরে।
‘গোল, গোল, গোল...আওয়াজ তোল, খেপেছে বাংলা, পড়েছে শোরগোল’—বিএসএলের থিম সংয়ের সঙ্গে মঞ্চে নাচলেন এক দল কিশোর-কিশোরী। লেজার শো, আতশবাজি, গান—সব মিলিয়ে মাত্র সাত মিনিটেই শেষ লোগো উন্মোচনের সব আনুষ্ঠানিকতা।
লোগো উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসে শুরুতেই মজা করে বললেন, ‘বিশ্বের কোথাও খেলাধুলার অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার রেওয়াজ নেই। শুধু বাংলাদেশেই এই ঐতিহ্য আছে। এটা বন্ধ হওয়া উচিত।’ এরপর বিএসএলের লোগো উন্মোচন অনুষ্ঠানের ঘোষণা করেন।
কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিএমজি বিএসএলের স্বত্বাধিকারী সাইফ পাওয়ারটেকের ব্যবসায়িক অংশীদার। সিএমজির কর্মকর্তা ভাস্বর গোস্বামী দেখছেন বিএসএলের সুদূরপ্রসারী সাফল্য, ‘এটি একটি স্বপ্নের নাম। আমরা এর সঙ্গে থাকতে পেরে গর্বিত। দক্ষিণ এশিয়ার সেরা একটি লিগ হবে এটি। বাংলাদেশের ফুটবলে মানুষ এটিকে মনে রাখবে প্রাক-বিএসএল যুগ ও বিএসএল-পরবর্তী যুগ বলে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফের সহসভাপতি বাদল রায় এবং সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।