বর্ষপূর্তিতে সুয়ারেজের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার ‘হ্যাটট্রিক হিরো’ সুয়ারেজের     সঙ্গে মেসি-নেইমার। এমএসএনের এই ছবিটি পরশু নিজেই পোস্ট করেছেন নেইমার l ফেসবুক
বার্সার ‘হ্যাটট্রিক হিরো’ সুয়ারেজের সঙ্গে মেসি-নেইমার। এমএসএনের এই ছবিটি পরশু নিজেই পোস্ট করেছেন নেইমার l ফেসবুক

২৫ অক্টোবর, ২০১৪। বার্সেলোনার জার্সিতে লুইস সুয়ারেজের প্রথম ম্যাচ। উপলক্ষটাও দারুণ, সান্তিয়াগো বার্নাব্যুতে ‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়া নেইমারের গোলটিতেও সহায়তা করেছেন সদ্য লিভারপুল থেকে আসা স্ট্রাইকার। তবে শেষ পর্যন্ত ম্যাচটা তাঁর জন্য ছিল এক তিক্ত অভিজ্ঞতাই। দিন শেষে বার্সা হারল ৩-১-এ।
২৫ অক্টোবর, ২০১৫। ন্যু ক্যাম্পে এইবারের বিপক্ষে ম্যাচ। এবারও ম্যাচের ফল ৩-১। তবে ঘটনাপ্রবাহ পুরো উল্টো। পিছিয়ে পড়েও জিতল বার্সা। দলের তিনটি গোলই সুয়ারেজের। হ্যাটট্রিক করেই ক্লাবে নিজের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখলেন উরুগুইয়ান স্ট্রাইকার।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রায় ৭৫ হাজার দর্শকের ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেন এইবার ফরোয়ার্ড বোর্হা গঞ্জালেস। এই মৌসুমে লিগে ৯ ম্যাচে পঞ্চমবারের মতো ম্যাচে বার্সার জালে প্রথম গোল। ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ার অনুপ্রেরণা তো ছিলই, কাতালানদের বাড়তি অনুপ্রেরণাটা হলো গত সপ্তাহেই ফুসফুসের ক্যানসার ধরা পড়া ক্লাব কিংবদন্তি ইয়োহান ক্রুইফকে শুভকামনা জানানো।
ক্রুইফকে জয় উৎসর্গ করার প্রেরণা থেকেই কিনা, সাত মিনিট পরই সমতায় বার্সা। বুসকেটস-নেইমার-সান্দ্রোর যুগলবন্দীতে গড়ে ওঠা আক্রমণ থেকে সুয়ারেজের গোল। দ্বিতীয়ার্ধের শুরু ও শেষে আরও দুই গোল করে হ্যাটট্রিক সুয়ারেজের, দলের জয়ও তাতে নিশ্চিত। ৮৩ মিনিটে মাচেরানোর লাল কার্ডটাই বার্সার জয়ে যা একটু কলঙ্ক। চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
বর্ষপূর্তির উপলক্ষ, তাতে হ্যাটট্রিক করে দলকে জেতানো। উচ্ছ্বসিত সুয়ারেজ ম্যাচ শেষে ক্যানাল প্লাসকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, ‘এ ধরনের জয়গুলো একটু ভিন্নভাবেই উদ্যাপন করতে হয়। এটা বিশেষ কিছু, কারণ এক বছর আগে এদিনেই আমার অভিষেক হয়েছিল।’
মেসি ও নেইমারের আলোয় কিছুটা আড়ালেই থাকেন সব সময়। ‘এমএসএন’ত্রয়ীর মাঝের ফলাটাকে নিয়ে মাতামাতিটা একটু কমই। অথচ বার্সায় যোগ দেওয়ার পর থেকে এরই মধ্যে ৫৬ ম্যাচে করেছেন ৩৫ গোল। গত মৌসুমে কর্দোবার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক, আর বর্ষপূর্তির দিনে বার্সার জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক করে আলোটা এদিন নিজের দিকে টেনে আনলেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার।
এমন দিনে কোচ লুইস এনরিকের কণ্ঠেও ‘বিকল্পহীন’ সুয়ারেজের প্রশংসা, ‘মাঠে ও যেটা দেয় তা অমূল্য, অবিনিময়যোগ্য। আজকের মতো যদি এভাবে গোলমুখে তৎপর থাকতে পারে, তাহলে ওকে টুপি খুলে অভিবাদন জানাব।’
মজাটা দেখুন, সুয়ারেজ-স্তুতিতে কীভাবে চাপা পড়ে গেল নেইমারের কথা! উরুগুইয়ান স্ট্রাইকারকে সঙ্গে নিয়ে মেসির অভাবটা তো এখন বুঝতেই দিচ্ছেন না নেইমার। মেসির অনুপস্থিতিতে বার্সার ১৫ গোলের ১৪টিতেই গোল করে বা গোলে সহায়তা করে অবদান রেখেছেন দুজন। কালও যেমন সুয়ারেজের দুটি গোলেরই শেষ পাসটা ব্রাজিল ফরোয়ার্ডের। এ ছাড়া কারিকুরি, নিচ থেকে খেলা গড়ে দেওয়া—যেন মেসির জুতো পরেই খেলছেন নেইমার। এএফপি, ইএসপিএন।