বর্ষসেরা ক্লাব বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুম সেরার পুরস্কার জিতে নিল বার্সেলোনা। ছবি: বার্সেলোনা ডট কম
মৌসুম সেরার পুরস্কার জিতে নিল বার্সেলোনা। ছবি: বার্সেলোনা ডট কম

ইউরো-বাছাইপর্ব নিয়ে ব্যস্ত ইউরোপীয় ফুটবল। সপ্তাহ জুড়ে চলছে তাই ক্লাব ফুটবলে বিরতি। বাছাইপর্বের ঘটনা-ঘনঘটার মধ্যেই এক ফাঁকে হয়ে গেল ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) পুরস্কার বিতরণী। এই অনুষ্ঠানে বর্ষসেরা ক্লাব হিসেবে পুরস্কার গেছে গত মৌসুমে ট্রেবলসহ এই মৌসুমের শুরুতেই ইউরোপীয় সুপার কাপ জেতা বার্সেলোনার কাছে।
বর্ষসেরা পুরস্কারের ব্যাপারটা মোটামুটি অনুমিতই ছিল। গত মৌসুমে ইউরোপীয় ক্লাব ফুটবলে রীতিমতো ছড়ি ঘুরিয়েছে দলটি। স্প্যানিশ লা লিগা, কোপা ডেল রে’র সঙ্গে জিতেছে ইউরোপ-সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ট্রফি। সেভিয়াকে হারিয়ে ইউরোপীয় সুপার কাপও জিতে নিয়ে এক মৌসুমে ছয় শিরোপা জয়ের সুবাস পাচ্ছিল তারা। কিন্তু অ্যাথলেটিক বিলবাও তাঁদের জয়যাত্রার পথে বাধা হয়ে জিতে নেয় স্প্যানিশ সুপার কাপ। তবে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া করার দুঃখ বর্ষসেরা হয়ে ঠিকই পুষিয়ে দিয়েছে তারা।
প্রতি বছর মোট চারটি বিভাগে পুরস্কার দিয়ে থাকে ইসিএ। বার্সেলোনার কাছে গেছে বর্ষসেরার পুরস্কার। সেরা উদীয়মান ক্লাব হয়েছে ইউক্রেনের নিপ্রো। এই নিপ্রো সবাইকে চমকে দিয়ে গত মৌসুমে ইউরোপা কাপের ফাইনালে উঠেছিল। আর্সেনাল জিতেছে সামাজিক দায়বদ্ধতার বিভাগে সেরা পুরস্কার। লন্ডনের যুব শ্রেণির বেকারত্ব ঘোচাতে গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের ফলেই আর্সেনালের এই পুরস্কার।
‘একসঙ্গে চলি মোরা’ স্লোগানের আওতায় স্টেডিয়ামে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রবেশ সহজ করার উদ্যোগ নিয়েছিল এস্তোনিয়ান ক্লাব লেভাদিয়া তালিন। আর তাই ‘সেরা অর্জনের’ পুরস্কার জিতেছে এই ক্লাবটি। সূত্র: গোল ডট কম