বলিভিয়ার দোষে মেসিদের বিপদ
মড়ার উপর খাঁড়ার ঘা আরকি! এমনিতেই দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে খাবি খাচ্ছে আর্জেন্টিনা। তার ওপর বড় ধাক্কা হয়ে এল বলিভিয়া-কাণ্ড। চিলি ও পেরুর বিপক্ষে দুটি ম্যাচে ‘অযোগ্য’ খেলোয়াড় খেলিয়েছে বলিভিয়া। আর পয়েন্ট তালিকার সমীকরণে তাদের এই অনিয়মের প্রভাব সবচেয়ে বাজেভাবে পড়েছে লিওনেল মেসিদের ওপর। এমনই যে সরাসরি ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার যাওয়া নিয়েই এখন দেখা দিয়েছে শঙ্কা!
সেপ্টেম্বরে পেরু ও চিলির বিপক্ষে ম্যাচ দুটিতে ডিফেন্ডার নেলসন কারবেরাকে খেলিয়েছে বলিভিয়া। প্যারাগুয়েতে জন্ম নেওয়া কারবেরা বলিভিয়ারও নাগরিক, কিন্তু ফিফার নিয়মানুযায়ী চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচ দুটিতে বলিভিয়ার হয়ে খেলার যোগ্য ছিলেন না। দুটি ম্যাচে ভালোই করে বলিভিয়া, পেরুকে হারায় ২-০ গোলে, চিলির সঙ্গে করে গোলশূন্য ড্র। কিন্তু বলিভিয়া নিয়ম ভাঙায় দুটি ম্যাচের ফল বাতিল করে দেয় দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
ফল বাতিল করে ম্যাচ দুটিতে চিলি ও পেরুকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। তাতেই কপাল পুড়েছে আর্জেন্টিনার। নভেম্বরে পয়েন্ট তালিকার চারেই ছিল এদগার্দো বাউজার দল। কিন্তু বলিভিয়া ম্যাচ থেকে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে চিলি উঠে যায় চারে। দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপে খেলার শেষ ধাপই সেটি, পঞ্চম দলটির ভাগ্য নির্ধারিত হয় প্লে-অফে।
নতুন করে ব্যাপারটি আবার আলোচনায় আসছে, কারণ পয়েন্ট ফিরে পেতে ফিফার কাছে আপিল করেও ব্যর্থ হয়েছে বলিভিয়া। গত পরশু তাদের আবেদন খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বলিভিয়া ফুটবল ফেডারেশন এখন আবেদন করবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।
সেখানে সিদ্ধান্ত পাল্টে গেলে বলিভিয়ার চেয়েও বেশি খুশি হবে আর্জেন্টিনাই। এমনিতেই অধিনায়ক মেসির চোট ও খেলোয়াড়দের ফর্মহীনতা মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে এবার জঘন্য খেলছে আলবিসেলেস্তেরা। ১২ ম্যাচে আর্জেন্টিনা পাঁচটি জয়ের পাশে হেরেছে তিনটিতে। ১৯ পয়েন্ট নিয়ে তালিকায় আছে পাঁচে। বাছাইপর্বে বাকি ছয় ম্যাচের তিনটি আবার চিলি, উরুগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে।
আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে বিশ্বকাপ কনমেবল বাছাইপর্বের ১৩তম রাউন্ড। তার আগে পয়েন্ট তালিকার অবস্থাটা এমন—২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল, দুইয়ে উরুগুয়ে (২৩ পয়েন্ট)। ইকুয়েডর ও চিলির পয়েন্ট সমান (২০), গোল ব্যবধানে এগিয়ে ইকুয়েডর তিনে। আর্জেন্টিনা পাঁচে (১৯), ছয়ে কলম্বিয়া (১৮)। রয়টার্স, ফিফা।