বলির পাঁঠা বানানো হচ্ছে মেসিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলির পাঁঠা হতে যাচ্ছেন মেসি! ছবি: এএফপি।
বলির পাঁঠা হতে যাচ্ছেন মেসি! ছবি: এএফপি।

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা হার মেনেছে একমাস হতে চলল। কিন্তু এ নিয়ে আলোচনা-সমালোচনা কিন্তু থেমে যায়নি। আরও নির্দিষ্ট করে বললে মেসিকে নিয়ে বিতর্ক আর সমালোচনা থামেনি। সাধারণ দর্শক-সমর্থক থেকে শুরু করে ম্যারাডোনার মতো মহাতারকাও মেতে উঠেছেন মেসির সমালোচনায়। আর্জেন্টিনার সাবেকেরা যেন উঠে পড়ে লেগেছেন মেসির বিরুদ্ধে। সবারই একই অভিযোগ বার্সেলোনার জার্সি গায়ে মেসি যে রকম, আর্জেন্টিনার নীল-সাদা জার্সি গায়ে তিনি ততটাই নিষ্প্রভ।
তবে হোর্হে ভালদানো দাঁড়িয়েছেন মেসির পক্ষেই। আর্জেন্টিনার বিশ্বকাপ-জয়ী এই তারকা মনে করেন মেসিকে বলির পাঁঠা বানানোর প্রবণতা দেখা দিয়েছে। ব্যাপারটা মোটেও ভালো কোনো কিছু নয়। ভালদানোর অভিযোগটা তাদের বিরুদ্ধে, যারা মেসিকে জাতীয় দল থেকে সরে যেতে বলছেন। যে খেলোয়াড়টিকে এত দিন পূজা করা হয়েছে, এখন তাঁকে গালমন্দ করার এই দ্বৈতনীতিই বিরক্তির উদ্রেক করেছে ছিয়াশির বিশ্বকাপ ফাইনালের অন্যতম গোলদাতা এই ভালদানো।
মেসিকে বলির পাঁঠা বানানোর এই প্রক্রিয়াটিতে অস্বাস্থ্যকর মনে করেন ভালদানো, ‘মানুষের জীবনে সব সময়ই নায়কের দরকার। আবার প্রয়োজনমতো সে কাউকে বলির পাঁঠাও বানিয়ে দেয়। মেসির কপালে দুটোই জুটেছে। সে নায়ক হয়ে ছিল এত দিন, এবার সে বলির পাঁঠা হতে যাচ্ছে। জিতলে তাঁকে পুজো করছি, হারলে বলির পাঁঠা বানাচ্ছি। পুরো ব্যাপারটিই অস্বাস্থ্যকর।’
কোপা আমেরিকায় মেসির খেলা নিয়ে এত সমালোচনা, অথচ ফাইনালের আগে মেসির খেলা নিয়েই চলেছে উন্মাদনা। ভালদানো সে কথাই মনে করিয়ে দিলেন, ‘কোপা আমেরিকায় পাঁচ ম্যাচেই সে-ই ম্যাচসেরা হয়েছিল। যখন একটা পুরো জাতি আপনার ওপর নির্ভর করে, তখন খেলাকে উপভোগ করা অসম্ভব। মেসি যখন খেলে ৪ কোটি মানুষ তাঁর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে।’
মেসির প্রসঙ্গে ভালদানো টেনেছেন ব্রাজিলের রোনালদোর উদাহরণ। ১৯৯৮ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আটানব্বইয়ের ফাইনালের আগে সবার চোখ রোনালদোর ওপর ছিল। শতকোটি মানুষের মনোযোগ তাঁকে ভেতরে-ভেতরে শেষ করে দিয়েছিল। ফাইনালে সে কীভাবে ভেঙে পড়েছিল, সে উদাহরণ তো খুব বেশি আগের নয়।’
ভালদানোর মতে মহাতারকা হওয়ার মহাযন্ত্রণাই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মেসি!