বলেকয়ে হ্যাটট্রিক

আগের রাতে বাজি ধরেছিলেন ভাইয়ের সঙ্গে। অগসবুর্গের সঙ্গে হ্যাটট্রিক করবেন—ঘোষণাই দিয়েছিলেন পিয়েরে এমেরিক অবামেয়াং। বুন্দেসলিগায় এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন, বরুসিয়া ডর্টমুন্ডের গ্যাবনিজ স্ট্রাইকারের আত্মবিশ্বাসটা তো একটু বেশিই থাকার কথা। তাই বলে এভাবে বলেকয়ে হ্যাটট্রিক! শেষ পর্যন্ত বাজিটা তিনি জিতেছেনও। তাতে অবামেয়াংয়ের যতটা আনন্দ, হেরে গিয়ে ভাইয়েরও তার চেয়ে বোধ হয় কম নয়!
ডর্টমুন্ড স্ট্রাইকার এই মৌসুমে যেমন খেলছেন, তাতে এমন বাজি প্রতিদিনই ধরে ফেলতে পারেন। গত চার দিনের মধ্যে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক, ডর্টমুন্ডের জয়টাও ছিল ৫-১ গোলের বড় ব্যবধানের। মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ২০ গোল হয়ে গেছে তাঁর, লিগে ১০ ম্যাচে ১৩। ইউরোপে এ পর্যন্ত সবচেয়ে বেশি গোল তাঁরই, বুন্দেসলিগায় ১০ ম্যাচে হয়ে গেছে ১৩ গোল। মৌসুমের প্রথম ১০ ম্যাচে এর চেয়ে বেশি গোল ডর্টমুন্ডের আর কোনো স্ট্রাইকার পাননি।
গত মৌসুমে ১৬ গোলের জন্য খেলতে হয়েছিল ৩১ ম্যাচ। এবার সেই রেকর্ডটা হয়তো সামনের ম্যাচেই পেরিয়ে যাবেন। কিন্তু এমন বিধ্বংসী রূপের কারণ কী? অবামেয়াংয়ের দাবি, কোনো রহস্য-টহস্য নেই, ‘এখানে গোপন কোনো ব্যাপার নেই। আমি শুধু মাঠে নিজেকে উপভোগ করার চেষ্টা করি। কখনো কখনো আপনি যেটা করার চেষ্টা করবেন সেটাই হয়ে যাবে।’ হ্যাটট্রিকটা উৎসর্গ করেছেন নিজের শিশুসন্তানকে। এএফপি।