বসুন্ধরার একজনই কিনতে পারেন স্বাধীনতার গোটা দলকে
দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নিজেদের আবির্ভাবে এতটা আলো ছড়াবে স্বাধীনতা ক্রীড়া সংঘ, সেটা কে–ই বা ভাবতে পেরেছিলেন!
গত বছর চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে এসে কালই প্রিমিয়ার লিগে অভিষেক হলো খিলগাঁওয়ের দলটির এবং সেটি রঙিন হয়ে থাকল গত দুইবারের শিরোপাজয়ী, বিশাল বিনিয়োগের ক্লাব বসুন্ধরা কিংসের বিপক্ষে দারুণ এক জয়ে।
শুনলে অবাক হবেন, বসুন্ধরার একজন খেলোয়াড়ের পারিশ্রমিকের সমান টাকা দিয়েই গড়া হয়েছে পুরো স্বাধীনতা দলটিকে। মানে বসুন্ধরার একজন খেলোয়াড়ের বেতনই স্বাধীনতার সব খেলোয়াড়ের বেতনের যোগফল।
ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রথম আলোকে বলেছেন, ‘স্থানীয় খেলোয়াড়দের পেছনে আমাদের ব্যয় দেড় কোটি টাকা। বিদেশি খেলোয়াড়দের ১০ মাসের বেতন মিলিয়ে মোট বাজেট প্রায় পৌনে তিন কোটি টাকার কাছাকাছি হবে।’ ক্লাবের একটি সূত্রে জানা গেছে, স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক আছে ১২ লাখ টাকা।
এবার জানা যাক বসুন্ধরার সর্বোচ্চ পারিশ্রমিকধারী খেলোয়াড় কে? তিনি গত লিগের ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া ব্রাজিলিয়ান রবসন দা সিলভা। স্বাধীনতার পুরো দলের বাজেটের সমান রবসনের এক বছরের বেতন। ক্লাব সূত্রে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের মাসিক বেতন প্রায় ২৮ হাজার ডলার। অর্থাৎ এক বছরের চুক্তিতে বাংলাদেশি টাকায় প্রায় পৌনে তিন কোটি টাকা।
কাল সেই রবসনের নেতৃত্বেই টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্বাধীনতার বিপক্ষে হারল বসুন্ধরা। স্বাধীনতা দলটাই যেন চমকের প্যাকেজ। অন্তত দলটার উঠে আসার পেছনের গল্পটা শুনলে এমনই মনে হবে।
বিভিন্ন ধাপ পেরিয়ে ২০১৯ সালে চ্যাম্পিয়নশিপ লিগে উঠে আসে তারা। সেবার দলটির অবনমনও হয়। কিন্তু অবনমন হলেও তারা আবার চ্যাম্পিয়নশিপ লিগে খেলার জন্য আবেদন করে বাফুফের কাছে। দেশের ফুটবলের শীর্ষ সংস্থা তাদের খেলার সুযোগ দেয় এবং চ্যাম্পিয়ন হয়েই সে সুযোগটি কাজে লাগায় তারা। ২০২১ সালে উঠে আসে প্রিমিয়ার লিগে। সব মিলিয়ে ২২ ম্যাচে ৬ ড্র ও ৩ হারের বিপরীতে ১৩ জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে স্বাধীনতা হয়েছিল চ্যাম্পিয়ন।
সে দলের কোচ মাসুদ আলমের সঙ্গে ১১ খেলোয়াড় আছেন বর্তমান দলে। বাকি খেলোয়াড় নেওয়া হয়েছে চ্যাম্পিয়নশিপ লিগের অন্যান্য ক্লাব থেকে। সব মিলিয়ে দলের সাত-আটজন খেলোয়াড়ের আগে প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা আছে।
এই দলটি নিয়েই এখন পয়েন্ট টেবিলের আট দলের মধ্যে থাকতে চান কোচ মাসুদ আলম। প্রায় ছয় বছরের কোচিং ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে কোচিং করাচ্ছেন তিনি। মাসুদ আলম বলেন,‘আমাদের দলটা খারাপ নয়। তরুণ খেলোয়াড়দের প্রাধান্য দিয়েই দলটা গড়া হয়েছে। আমার বিশ্বাস, দলটা ৮ নম্বরের মধ্যে থাকার মতো।’ লিগে খেলছে ১৩টি দল।
২০০৫ সালে প্রতিষ্ঠার পর ২০০৬ সালে প্রথমবার পাইওনিয়ার ফুটবল লিগে খেলেছিল স্বাধীনতা। ২০০৯ সালে তারা ওঠে তৃতীয় বিভাগে। সেখান থেকে দ্বিতীয় বিভাগে ২০১২ সালে। দুই বছরের মধ্যে উঠে যায় প্রথম বিভাগে এবং সেখান থেকেই ২০১৯ সালে চ্যাম্পিয়নশিপ লিগে। প্রিমিয়ারে ওঠার পর বর্তমানে ঢাকার বিমানবন্দর এলাকায় একটি ভবন ভাড়া করে স্বাধীনতা ব্যবস্থা করেছে ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের আবাসন। সেটির পাশে একটা মাঠ ভাড়া করে চলে দলের অনুশীলন।
১৯৭৫ সালে প্রথম বিভাগ লিগে আবির্ভাবেই আবাহনীকে হারিয়ে দিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। এরপর তারা গড়েছিল দেশের ফুটবলে নতুন ইতিহাস। কাল স্বাধীনতাও ৪৭ বছর পর একই কীর্তি গড়ল। দেশের ফুটবলে ভিন্ন কোনো ইতিহাস স্বাধীনতা গড়তে পারলে সেটি হবে দারুণ ঘটনা।