বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নাম লিখিয়ে দুটি প্রিমিয়ার লিগ ও চারটি টুর্নামেন্টে খেলে সর্বশেষ পাঁচটিতেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দেশের ফুটবলে নিজেদের নব্য শক্তি হিসেবে প্রমাণ করতে আর কীই–বা তাদের প্রয়োজন! বসুন্ধরার লক্ষ্য এখন এশিয়ান মঞ্চে নিজেদের চেনানো। সে যাত্রায় আজ তারা মালদ্বীপের মালেতে শুরু করতে যাচ্ছে এএফসি কাপ মিশন। প্রতিপক্ষ মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস ক্লাব। দলটির সার্বিয়ান কোচ রিসতো ভিদাকোভিচ এএফসি কাপের ব্যাপারে দারুণ অভিজ্ঞ। সার্বিয়া জাতীয় দলের সহকারী কোচও ছিলেন তিনি। মালদ্বীপ থেকে এএফসি কাপ নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
প্রশ্ন :
এএফসি কাপের জন্য সৌদি আরবের ৩ সপ্তাহের প্রস্তুতির সঙ্গে ৩টি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। কিন্তু আপনার দল তো প্রায় সাড়ে ৩ মাস প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের বাইরে আছে। সে ক্ষেত্রে সৌদি আরবের প্রস্তুতিটা কতটুকু সহায়ক হবে?
রিসতো ভিদাকোভিচ: সৌদি আরবে আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। এ প্রস্তুতি টুর্নামেন্টে কাজে লাগবে। তবে হ্যাঁ, এটা সত্যি অনেক দিন ধরে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের বাইরে থাকাটা ভালো নয়। এটা আমাদের জন্য দুশ্চিন্তার। গেল ৩ মাসের মধ্যে বসুন্ধরার বিপক্ষেই প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। সে যা–ই হোক, আমি আশা করি আমার খেলোয়াড়েরা শতভাগ উজাড় করেই খেলবে।
বসুন্ধরায় অনেক ভালো খেলোয়াড় আছে। বিশেষ করে ফরোয়ার্ড লাইনে। দলটিতে উঁচু মানের ব্রাজিলিয়ান খেলোয়াড় আছে। আমার দলের জন্য তাঁরা খুবই বিপজ্জনক খেলোয়াড়। এ ছাড়া বসুন্ধরা স্থানীয় ভালো খেলোয়াড়েও সমৃদ্ধ।
প্রশ্ন :
প্রতিপক্ষ বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস সম্পর্কে আপনার মূল্যায়ন শুনতে চাই। আপনার দৃষ্টিতে বসুন্ধরা-মাজিয়া ম্যাচে খাতা–কলমে কোন দল এগিয়ে থাকছে?
ভিদাকোভিচ: বসুন্ধরায় অনেক ভালো খেলোয়াড় আছে। বিশেষ করে ফরোয়ার্ড লাইনে। দলটিতে উঁচু মানের ব্রাজিলিয়ান খেলোয়াড় আছে। আমার দলের জন্য তাঁরা খুবই বিপজ্জনক খেলোয়াড়। এ ছাড়া বসুন্ধরা স্থানীয় ভালো খেলোয়াড়েও সমৃদ্ধ। তবে আমাদের দলটাও ভালো। লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছি। আমি মনে করি ম্যাচটি ফিফটি-ফিফটি।
প্রশ্ন :
স্বাগতিক হিসেবে নিজেদের একটুও এগিয়ে রাখছেন না?
ভিদাকোভিচ: করোনাকালে স্বাগতিক হিসেবে নিজেদের তেমন এগিয়ে রাখার সুযোগ নেই। কারণ, মাঠে তো আর দর্শক আসতে পারছেন না। তবে নিজেদের মাঠে খেললে খেলোয়াড়েরা তো একটু অনুপ্রাণিত হয়েই থাকে।
প্রশ্ন :
শুনেছেন কি না জানি না, বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, আপনিই মাজিয়ার সবচেয়ে বড় শক্তির জায়গা। প্রতিপক্ষ কোচের এমন মন্তব্যে কেমন লাগছে?
ভিদাকোভিচ: এটা তো আমার জন্য অনেক বড় প্রশংসার। সত্যিই আমি অভিভূত।
প্রশ্ন :
টুর্নামেন্টের ৪ দলের কোচের মধ্যে এএফসি কাপের বিচারে আপনিই সবচেয়ে অভিজ্ঞ কোচ। ভিয়েতনামের হ্যানয় এফসি, ফিলিপাইনের সেরেস নেগ্রোস, সিঙ্গাপুরের হোম ইউনাইটেডসহ আরও কয়েকটি ক্লাবের হয়ে এএফসি কাপের ৩৩ ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে আপনার। এর মধ্যে ২০১৭ সালে সেরেস নেগ্রোসকে (বর্তমান নাম ইউনাইটেড সিটি এফসি) আসিয়ান জোন থেকে চ্যাম্পিয়ন করেছিলেন। এএফসি কাপে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি মাজিয়াকে কিছুটা এগিয়ে রাখছে?
ভিদাকোভিচ: আপনি হিসাব করে বের করেছেন আমার ম্যাচের সংখ্যা! ভালো করেছেন। আসলে এ ধরনের টুর্নামেন্টে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। তবে ফলাফল নির্ণয়ে এ অভিজ্ঞতা খুব বেশি সহায়তা করতে পারে বলে আমার মনে হয় না। আমি এতটুকু বলতে পারি প্রতিটি ম্যাচে আমার খেলোয়াড়েরা শতভাগ উজাড় করে দিয়ে খেলবে। তাঁদের মধ্যে লড়াকু মানসিকতার কোনো কমতি থাকবে না।
প্রশ্ন :
মাজিয়া স্বাগতিক ক্লাব। মালদ্বীপের সর্বশেষ প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে কৌশলগতভাবে সাফল্যর কথা শুনিয়ে নিজেদের ওপর চাপ বাড়াতে চাইছেন না আপনি?
ভিদাকোভিচ: টুর্নামেন্টে নিজেদের আন্ডারডগ ভাবছি। লিগ আর এএফসি কাপ পুরোপুরি দুটি ভিন্ন জায়গা। তবে হ্যাঁ, অপরাজিত লিগ শিরোপা জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। খেলোয়াড়েরা টুর্নামেন্টটি নিয়ে রোমাঞ্চিত। তারা আন্তর্জাতিক পর্যায়ে কেমন করে, এএফসি কাপে সেটা দেখার একটা বড় সুযোগ আমার জন্য। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
প্রশ্ন :
মাজিয়া ও বসুন্ধরা কিংস ছাড়াও অন্য দুটি দল ভারতের মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কাদের এগিয়ে রাখছেন। আশা করি পেশাদার মনোভাব না দেখিয়ে বাস্তবিক ভাবনাটা বলবেন!
ভিদাকোভিচ: আমি মনে করি প্রতিটি দলের জন্য খুব কঠিন একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে। কাউকে পরিষ্কারভাবে ফেবারিট বলা যাচ্ছে না। তবে অন্যান্য দলের তুলনায় ভারতের মোহনবাগানকে কিছুটা এগিয়ে রাখব।