বসুন্ধরার ঢাকার আক্ষেপ ঘুচবে মালেতে?

মেসির সঙ্গে খেলা আর্জেন্টাইন ফুটবলার হার্নান বার্কোসকে গত মৌসুমে এনেছিল বসুন্ধরা। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের দর্শকদের। করোনার কারণে এএফসি কাপের একটি ম্যাচেই বার্কোসের বাংলাদেশ–অধ্যায় শেষ হয়ে গেছেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি কাপের কথা উঠলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনটা একটু খারাপই হয়ে যায়। তাদের মনে পড়তে বাধ্য গত বছরের ১১ মার্চের কথা।

তখনো করোনা বাজেভাবে জেঁকে বসেনি বাংলাদেশে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেদিন এএফসি কাপে নিজেদের অভিষেক ম্যাচে বসুন্ধরা কিংসে মাঠে নেমেছিল মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে। সে ম্যাচে সবার আগ্রহ ছিল আরেকটি কারণে। সেদিনই যে বসুন্ধরার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন হার্নান বার্কোস নামের এক আর্জেন্টাইন।

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে খেলা এই বার্কোস সেদিন মুগ্ধ করেছিলেন সকলকে। তিনি চার গোল করে টিসি স্পোর্টসকে একাই ‘খুন’ করেছিলেন। এএফসি কাপে বসুন্ধরা নিজেদের প্রথম ম্যাচেই জিতেছিল ৫-১ গোলে। অন্য গোলটি ছিল বিশ্বকাপ খেলা কোস্টারিকান তারকা দানিয়েল কলিন্দ্রেসের।

রবসন আর বেসেরায় মালদ্বীপ জয় করতে চায় বসুন্ধরা
ফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মন খারাপ হয়ে যাওয়ার কারণ করোনা। বৈশ্বিক মহামারির কারণে গত বছর এএফসি কাপ আর হলোই না। টিসির বিপক্ষে ৫-১ গোলে জিতে, বার্কোসকে খেলিয়ে ফুটবলপ্রেমীদের প্রত্যাশাটা বাড়িয়ে দিয়েছিল বসুন্ধরা। কিন্তু করোনা সেই প্রত্যাশায় জল ঢেলে দেয় নির্মমভাবেই।

গত বছর টিসি স্পোর্টসের সঙ্গে ওই ম্যাচটির পর অনেকেই বিশ্বাস করা শুরু করেছিলেন এএফসি কাপটা হলে বসুন্ধরার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা ঠেকাতে পারত না কেউই। আজ মালদ্বীপের মালেতে আরেকটি বসুন্ধরা কিংস আবার মাঠে নামবে এএফসি কাপে। গত বছরের আক্ষেপটা কী এবার পূরণ করতে পারবে বসুন্ধরা?

এবার বার্কোস, কলিন্দ্রেসরা নেই। কিন্তু বার্কোসেরই দেশের রাউল বেসেরা আছেন, আছেন দুই ব্রাজিলীয় রবসন দা সিলভা ও জোনাথন ফার্নান্দেজ। ‘ডি’ গ্রুপে চার দলের মধ্যে ভারতের মোহনবাগানের সঙ্গে ফেবারিট ভাবা হচ্ছে বসুন্ধরাকেও। অন্য দুটি দল প্লেঅফ পর্ব পেরিয়ে আসা ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস।

বসুন্ধরা কিংসের আক্ষেপ হয়ে আছেন বার্কোস
ফাইল ছবি

আজ নিজেদের প্রথম ম্যাচে স্বদেশি বেঙ্গালুরুকে ২-০ গোলে হারিয়ে ফেবারিটের মতোই শুরু করেছে ঐতিহ্যবাহী মোহনবাগান। বাংলাদেশ সময়ে রাত ১০টায় শুরু হতে যাওয়া দিনের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা নিজেদের চেনাতে পারলেই দেশের ফুটবল সমর্থকদের আশা পূরণ হয়। আজ তাদের প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।

এ মৌসুমে চার ম্যাচ হাতে রেখে দাপটের সঙ্গেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছে বসুন্ধরা। ঢাকায় যেখানে শেষ করেছিল অস্কার ব্রুজোনের দল, আজ মালেতে সেখান থেকে শুরু করতে পারলেই আবার উড়তে শুরু করবে বসুন্ধরার স্বপ্নের ঘুড়ি।

মালদ্বীপের ক্লাব মাজিয়ার মুখোমুখি বসুন্ধরা কিংস
ছবি: তানভীর আহাম্মেদ

বসুন্ধরাকে স্বপ্ন দেখাচ্ছেন বিদেশিরাই। আর্জেন্টিনার রাউল বেসেরা প্রিমিয়ার লিগে ১৬ গোল করে কিংস সমর্থকদের বার্কোসকে আর কখনোই মাঠে দেখতে না পারার দুঃখে কিছুটা সান্ত্বনা জুগিয়েছেন। চোটের কারণে তাঁর আজ প্রথম ম্যাচে খেলা নিয়ে তাঁর সংশয় ছিল। তবে মালে থেকে সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে, আজ খেলবেন বেসেরা।

তবে দলটার মূল আকর্ষণ ব্রাজিলিয়ান রবসন দা সিলভা।আক্রমণাত্মক মিডফিল্ডার কিংবা উইঙ্গার, যে ভূমিকাতেই খেলুন না কেন আলোটা তাঁর ওপরে রাখতেই হয়। এএফসি তাদের ওয়েবসাইটে ৪ দলের যে ৪ খেলোয়াড়ের ওপর চোখ রাখতে বলছেন, সেখানে আছেন রবসন। এবারের প্রিমিয়ার লিগে ১৯ গোল তাঁর। আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ রবসনের মতো চোখ ধাঁধানো কিছু হয়তো মাঠে করেন না, কিন্তু কার্যকরী খেলোয়াড় হিসেবে বসুন্ধরার মাঝমাঠের মূল ফার্নান্দেজই।

বসুন্ধরার বড় ভরসা আর্জেন্টিনার রাউল বেসেরা
ফাইল ছবি: প্রথম আলো

প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মাজিয়ার সার্বিয়ান কোচ রিসতো ভিদাকোভিচের কথাতেও ফুটে উঠেছে সেটি। এএফসি কাপে বিভিন্ন দলের হয়ে ৩৩ ম্যাচে ডাগআউটে দাঁড়ানো অভিজ্ঞ এই কোচ বলেছেন, ‘বসুন্ধরায় অনেক ভালো খেলোয়াড় আছে। বিশেষ করে ফরোয়ার্ড লাইনে। দলটিতে উঁচু মানের ব্রাজিলিয়ান খেলোয়াড় আছে। আমার দলের জন্য তাঁরা খুবই বিপজ্জনক খেলোয়াড়।’

মাজিয়ার মূল তারকা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। বাকি তিন বিদেশি উজবেকিস্তানের গোলকিপার মিরজোখিদ মামাতখোনভ, স্প্যানিশ সেন্টারব্যাক জেসুস পোজো ও জাপানি মিডফিল্ডার তাকাশি ওদাওয়ারা। মালদ্বীপের হয়ে সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বে খেলা ৯ খেলোয়াড় আছেন মাজিয়ায়।

টানা পাঁচটি শিরোপা জিতে দেশের ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বসুন্ধরা কিংস। এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের চেনানোর পালা। ২০১৭-১৮ মৌসুমে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবকে কোচিং করানোর সুবাদে মালদ্বীপ ফুটবলের অলিগলি ভালোই চেনা বসুন্ধরার স্প্যানিশ কোচ ব্রুজোনের। কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মালদ্বীপকে নিজের ‘দ্বিতীয় হোম’ বলেছেন তিনি।

আজকের ম্যাচ নিয়ে তাঁর সোজা সাপটা কথা, ‘মাঠে আমরা সব সময় সেরা হতে চাই। আমরা আত্মবিশ্বাসী ও ফর্মে আছি। টুর্নামেন্টে পিছিয়ে নেই আমরা। আমি মনে করি না কোনো দল ম্যাচে এগিয়ে আছে।’ তবে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ভালো চার বিদেশি ও জাতীয় দলের খেলোয়াড়সমৃদ্ধ বাংলাদেশ দলটিকেই এগিয়ে রাখছেন অনেকে।