বসুন্ধরার মাঠে জামালদের অনুশীলন করাতে চায় বাফুফে

বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামছবি : সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা কিংস অ্যারেনাকে প্রিমিয়ার লিগের ভেন্যু বানানো নিয়ে কম নাটক হয়নি। প্রথমে ভেন্যু হিসেবে স্বীকৃতি দিয়েও পরে তা বাতিল করে দিয়েছিল বাফুফে। এর পরিপ্রেক্ষিতে বসুন্ধরা কিংস তো বাফুফের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও গেছে।

শেষ পর্যন্ত কিংস অ্যারেনাকে লিগের ভেন্যু হিসেবে স্বীকৃতি দেয় বাফুফে। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত সে স্টেডিয়ামেই এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প।

বসুন্ধরা কিংস লিগের ম্যাচ খেলছে নিজেদের মাঠে
ছবি: প্রথম আলো

চলতি মাসে ফিফা–নির্ধারিত আন্তর্জাতিক ম্যাচের সূচিতে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৪ মার্চ মালেতে গিয়ে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচটি ২৯ মার্চ সিলেটে। ম্যাচ দুটির আগে তিন দিনের ক্যাম্প করবে জাতীয় দল। সে ক্যাম্পের জন্য কিংস অ্যারেনাকে পছন্দ বাফুফের।

আরও পড়ুন

এ ব্যাপারে বাফুফে সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা তাদের চিঠি দিয়েছি মালদ্বীপ যাওয়ার আগে সেখানে তিন দিন অনুশীলন করতে চাই। তারা সানন্দে অনুমতি দিয়েছে। সেখানে ক্যাম্প করার জন্য আমরা খুশি। ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। আমরা তাদের আমাদের যাত্রার অংশীদার মনে করি।’

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কিংস কর্তৃপক্ষও, ‘১৯ থেকে ২১ মার্চ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে জাতীয় দলের অনুশীলনের জন্য আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতে বসুন্ধরা কিংস আনন্দিত ও জাতীয় দলের অনুশীলনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’

গত ১৭ ফেব্রুয়ারি কিংস ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ম্যাচ দিয়ে উদ্বোধন হয়েছে নবনির্মিত স্টেডিয়ামটির। কিংসের সঙ্গে শেখ রাসেল ক্রীড়া চক্রও নিজেদের হোম ভেন্যু বানিয়েছে স্টেডিয়ামটিকে।