বসুন্ধরার 'ইকোনমি ক্লাস'ই এনে দিল প্রথম ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা কাপ জয়ে বসুন্ধরার নায়ক দ্বিতীয় সারির খেলোয়াড়েরাই। ছবি: প্রথম আলো
স্বাধীনতা কাপ জয়ে বসুন্ধরার নায়ক দ্বিতীয় সারির খেলোয়াড়েরাই। ছবি: প্রথম আলো

উড়োজাহাজের মতো ফুটবল দলেও কি বিজনেস বা ইকোনমি ক্লাস থাকে ? শিরোনাম দেখে মনে এমন প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। বিষয়টি খোলাসা করা হলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে অনায়াসেই।

নিজের দলকে দুই ভাগে ভাগ করেছিলেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। উড়োজাহাজের যাত্রীদের বসার ব্যবস্থার সঙ্গে মিল রেখে একটি ভাগের নাম দিয়েছিলেন ‘বিজনেস ক্লাস’ অন্যটি ‘ইকোনমি ক্লাস’। মোটা দাগে দলের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দলের নাম তিনি দিয়েছিলেন ‘বিজনেস ক্লাস’ আর দ্বিতীয় সারির খেলোয়াড়দের দলটির নাম দিয়েছিলেন ‘ইকোনমি ক্লাস’। মজার ব্যাপার হচ্ছে স্বাধীনতা কাপে তাঁকে সাফল্য এনে দিয়েছে ইকোনমি ক্লাসের খেলোয়াড়েরাই। মৌসুমের প্রথম প্রতিযোগিতা ফেডারেশন কাপের প্রতিটি ম্যাচে বিজনেস ক্লাসের খেলোয়াড়েরা থাকলেও বসুন্ধরা সাফল্য পায়নি।
সাফ ফুটবল ও বঙ্গবন্ধু কাপ মিলিয়ে বসুন্ধরার নয়জন ফুটবলার ছিলেন জাতীয় দলে। এরা সবাই ছিলেন বিজনেস ক্লাসে। এই নয়জনের মধ্যে থেকে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে বাদ দেওয়া হয়েছিল বিজনেস ক্লাস থেকে। অপর গোলরক্ষক মিতুলসহ দলের চার বিদেশি ফুটবলার ছিলেন এই দলে। সব মিলিয়ে অস্কারের ১৩ জনের বিজনেস ক্লাস। এদের থেকেই গঠন করা হতো একাদশ। যে কারণেই একাদশে থাকত প্রথাগত এক ডিফেন্ডার। জাতীয় দলের স্ট্রাইকার মাহবুবুর রহমান সুফিল, উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিমকেও খেলতে হয়েছে রক্ষণভাগে। কারণ ইকোনমি ক্লাসের খেলোয়াড় নিয়ে একাদশ সাজাতে অনীহা ছিল কোচের। অনুশীলনে কথায় কথায় খেলোয়াড়দের স্মরণও করিয়ে দিতেন বিষয়টি।
ফেডারেশন কাপের পর নিষেধাজ্ঞায় ছিটকে গিয়েছেন বিজনেস ক্লাসের দুই খেলোয়াড় স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ ও ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। চোটের কারণে সেমিফাইনাল থেকেই বাদ পড়েছিলেন স্প্যানিশ সেন্টারব্যাক হোর্হে গোতর। নিষেধাজ্ঞা, চোট আর খারাপ পারফরমেন্সের জেরে স্বাধীনতা কাপের আগেই ভেঙে পড়ে অস্কারের সেই এলিট বিজনেস ক্লাস। সে সুযোগে পারফরমেন্স একাদশে জায়গা করে নেন গোলরক্ষক জিকো, ডিফেন্ডার সাদ্দাম হোসেন ও নাঈম উদ্দিন এবং মিডফিল্ডার আলমগীর কবির রানা। এদের মধ্যে জিকো তো কোয়ার্টার আর সেমিফাইনালের নায়ক। কে জানে বাকি খেলোয়াড়দের তাতিয়ে দেওয়ার জন্যই হয়তো কোচ এমন কৌশল বেছে নিয়েছিলেন।
শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়ে কাল সন্ধ্যায় স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। শিরোপা-উচ্ছ্বাসের মধ্যেই বসুন্ধরার এক খেলোয়াড় কোচের এই ‘ক্লাস-সংস্কৃতি’র নিয়ে নিজের অভিমান গোপন করতে পারলেন না, ‘ইকোনমি ক্লাসেও ভালো খেলোয়াড় থাকতে পারে। স্বাধীনতা কাপে তথাকথিত ইকোনমি ক্লাসের খেলোয়াড়েরা সেটি প্রমাণ করেছে।’
কোচ অস্কারকে এ ব্যাপারে জিজ্ঞেস করতেই এই প্রতিবেদককে তাঁর পাল্টা প্রশ্ন, ‘আপনি জানলেন কীভাবে?’ ব্যাপারটি নিয়ে কোনো মন্তব্য না করেই স্প্যানিশ কোচ কেবল হাসলেন। সেই হাসিতে মিশে থাকল রহস্য আর কিছুটা দুষ্টুমি।
আসলেই হয়তো দলকে তাতাতেই এমন কৌশল বেছে নিয়েছিলেন তিনি।