বসে বসে বেতন পাচ্ছেন ব্ল্যাটার

নিষেধাজ্ঞার কারণে ফিফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না। কিন্তু সভাপতি হিসেবে বেতন ঠিকই পাচ্ছেন সেপ ব্ল্যাটার! সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হলেও ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি তাঁকে বেতন দিয়ে যাবে পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত।
দুর্নীতির অভিযোগ ওঠায় প্রাথমিকভাবে গত বছর ৮ অক্টোবর ব্ল্যাটারকে ৯০ দিনের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছিল ফিফার নৈতিকতা কমিটি। সেই অভিযোগ তদন্ত করে দেখা যায়, উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনির সঙ্গে ২০১১ সালে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো লেনদেন করেছিলেন ব্ল্যাটার। পরে গত বছর ২১ ডিসেম্বর আট বছরের জন্য ব্ল্যাটার ও প্লাতিনি দুজনকেই নিষিদ্ধ করে নৈতিকতা কমিটি। এ ছাড়া ব্ল্যাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ও প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিষিদ্ধ হলেও বেতন ঠিকই পাচ্ছেন ব্ল্যাটার।
কেন কিংবা কোন আইনে বেতন পাচ্ছেন—এই ব্যাখ্যা দিয়ে গিয়ে ফিফার হিসাব ও নিরীক্ষা কমিটির মুখপাত্র আন্দ্রেয়াস বানটেল বলেছেন, ‘২৬ ফেব্রুয়ারি নতুন সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ব্ল্যাটারই নির্বাচিত সভাপতি। সুতরাং তাঁর সঙ্গে চুক্তি অনুযায়ী, তিনি বেতন পেয়ে যাবেন।’
হিসাব ও নিরীক্ষা কমিটির ক্ষতিপূরণ উপ-কমিটি সম্প্রতি ব্যাখ্যা দিয়েছে, আইন অনুযায়ী তারা ব্ল্যাটারের যাবতীয় বোনাস বাতিল করে দিতে পারে, কিন্তু বেতন বাতিল করতে পারেন না। তার মানে, গত অক্টোবরে নিষিদ্ধ হওয়ার সময়টা থেকে আগামী ফেব্রুয়ারিতে নতুন সভাপতি নির্বাচিত হওয়া পর্যন্ত প্রায় পাঁচ মাস বসে বসেই বেতন পাবেন ব্ল্যাটার!
বোনাসের অঙ্কটা কত কিংবা বেতনের কত অংশ—সেসব খোলাসা করছে না হিসাব ও নিরীক্ষা কমিটি। আবার ব্ল্যাটার যেখানে সভাপতি হিসেবে বেতন পাচ্ছেন, সেখানে ভারপ্রাপ্ত সভাপতি ইসা হায়াতুকেও বাড়তি দায়িত্বের জন্য বেতন দেওয়া হচ্ছে কি না, তাও জানায়নি হিসাব ও নিরীক্ষা কমিটি। সব মিলিয়ে কিছুটা ধোঁয়াশা তো তৈরি হয়েছেই। রয়টার্স।