বসে বসে ভুঁড়ি বাড়ছে সুয়ারেজের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভুঁড়ি’ নিয়েই গত বুধবার প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন সুয়ারেজ। ছবি: ডেইলি মেইল।
‘ভুঁড়ি’ নিয়েই গত বুধবার প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন সুয়ারেজ। ছবি: ডেইলি মেইল।

মেদ-ভুঁড়ি, কী করি! কদিন পর হয়তো এই ঝামেলাতেই পড়তেন লুইস সুয়ারেজ। সেই গত বিশ্বকাপে সর্বশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেছেন। গত প্রায় তিন মাসে গোটা কয় প্রীতি ম্যাচ ছাড়া আর মাঠে নামা হয়নি। অনুশীলনে যতই দৌড়ঝাঁপ করুন, অলস শরীর মেদ-ভুঁরির আস্তানা। এরই মধ্যে উরুগুইয়ান স্ট্রাইকারের শরীরে নাকি মেদ জমে গেছে। আর তাই বার্সেলোনা কড়া ডায়েট চার্ট ধরিয়ে দিয়েছে সুয়ারেজকে। আগামী এল ক্লাসিকোতে মাঠে নামার আগে যেন কয়েক কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন।
বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েলিনিকে কামড়ে দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ হওয়া সুয়ারেজ ২৫ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবেন। কিন্তু গত সপ্তাহে বার্সেলোনা ‘বি’ দলের হয়ে ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচটায় জোড়া গোল করেও বাড়তি ওজনের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছেন। অবশ্য প্রশ্নটা মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম থেকে উঠেছে বলে এটাকে ‘​​ে​​প্রাপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনার কাতালান সংবাদ মাধ্যমগুলো। তাদের দাবি, পিচ্চি-পাচ্চাদের সঙ্গে সুয়ারেজের জোড়া গোল দেখে এখনই আঁতকে উঠেছে মাদ্রিদের মিডিয়া!
এরই মধ্যে খেলোয়াড়দের ডায়েটের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা সুয়ারেজের ‘মিতা’ কোচ লুইস এনরিকে প্রথমে মজা করেছেন বিষয়টি নিয়ে। বলেছেন সুয়ারেজকে মেদ কমানোর অস্ত্রোপচার করানো হবে। কিন্তু এরপরই সিরিয়াস হয়ে উত্তর দিয়েছেন। বলেছেন, সুয়ারেজের দেহের গড়নটাই এমন, দেখতে অনেক সময় তাঁকে মুটিয়ে যাওয়ার মতো দেখায়। তবে এমনিতে সুয়ারেজ এখন তাঁর আদর্শ ওজনের মধ্যেই আছেন। সূত্র: ডেইলি মেইল, গোলডটকম।