বহিষ্কৃত হচ্ছেন ব্ল্যাটার?
সভাপতিকে তাহলে বহিষ্কার করতে যাচ্ছে ফিফা? ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর সঠিক হলে আজ বা আগামীকালের মধ্যেই ৯০ দিনের জন্য সাময়িক বহিষ্কার করা হতে পারে সেপ ব্ল্যাটারকে। ফিফার নৈতিকতা-বিষয়ক কমিটি নাকি এই শাস্তির প্রস্তাব করেছে। ব্ল্যাটারকে তা জানিয়েও দেওয়া হয়েছে। তবে ফিফা সভাপতির ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এ ধরনের কোনো খবর তাদের জানা নেই।
বহিষ্কারের সিদ্ধান্তের খবরটি প্রথম জানায় বিবিসি। ব্ল্যাটারের সাবেক সহযোগী ক্লস স্টোলকারকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, সভাপতিকে বহিষ্কার করতে যাচ্ছে ফিফা। একই খবর দিয়েছে গার্ডিয়ান ও রয়টার্সও।
রীতিমতো ফৌজদারি অপরাধের তদন্তও চলছে ব্ল্যাটারের বিরুদ্ধে। ফিফা সভাপতি হিসেবে সরে দাঁড়ানোর চাপটা তাঁর ওপর পাহাড়সমই। তবে গতকাল পর্যন্তও ব্ল্যাটার অনড় নিজের অবস্থানে। জার্মান সাময়িকী ব্রুন্টেকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৯ বছর বয়সী সুইস ফুটবল কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পরবর্তী নির্বাচনের এক দিন আগেও তিনি পদত্যাগ করবেন না। এএফপি, রয়টার্স।