বাঁ পায়ের লেফট ব্যাক চান ওর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁ পা-নির্ভর লেফটব্যাকই কোচরা পছন্দ করেন বেশি। অ্যান্ড্রু ওর্ডও ব্যতিক্রম নন। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল গড়তে নেমে এই অস্ট্রেলিয়ানের হাতে ৩৬ জন ফুটবলারের মধ্যে বাঁ পায়ের লেফটব্যাক মাত্র একজন। ডান পায়ের দু-তিনজন। ওর্ড বলছেন, ‘বাঁ পায়ের আরও এক-দুজন হলে দল বাছতে সুবিধা হতো।’

বাঁ পায়ের লেফটব্যাক বলতে ওর্ডের হাতে এখন নুরুল নাহিদ ফয়সাল। তাঁকে নিয়েই হয়তো কাজ চালিয়ে নিতে হবে। কিন্তু কোচের একটু অতৃপ্তি আছে। অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুও ব্যাপারটা লক্ষ করেছেন, ‘বাঁ পায়ের লেফটব্যাক হলে বাঁ পায়েই সে ক্রসটা করতে পারে। কিন্তু সেখানে যদি ডান পায়ের লেফটব্যাক খেলে তাহলে লেফট উইং দিয়ে উঠে তার চেষ্টা থাকে ডান পায়ে ক্রস করা। এতে প্রতিপক্ষ সময় পেয়ে যায় অনেক। বাঁ পায়ের লেফটব্যাক আরও থাকলে তিনি দল গড়তে বিকল্প বাছতে পারতেন।’

ভালো মানের স্ট্রাইকারও নেই কোচের হাতে। তকলিচ আছেন, তবে বেশ কিছুদিন ধরেই মাঠে অনিয়মিত। তবু তিনি কোচের বিবেচনায় এগিয়ে। আরও কয়েকজনকে স্ট্রাইকার হিসেবে দেখতে চান ওর্ড, ‘আমি বিকল্প স্ট্রাইকার খুঁজছি।’ তাঁর হাতে ফাহাদ, ইব্রাহিম, জাফর, সাদ, মালেক আছে। রুবেল মিয়া, জুয়েল রানা, হেমন্ত যোগ দিলে তাঁদেরও দেখবেন।

আক্রমণভাগে খেলতে একজন প্রবাসী এসেছেন। বাড়ি আসলে নারায়ণগঞ্জ। তবে তাঁর ব্যাপারে খুব আশার কথা শোনা যায়নি টিম ম্যানেজমেন্টের মুখে। সোহেল মিয়া নামে এক নবীন এসেছেন ক্যাম্পে। তাঁকে নিয়েও আশার কথা শোনা যায়নি।

নিচের দিক থেকে খেলোয়াড় খুঁজে এনে দল গড়া যে কতটা কষ্টের, তা এখন ভালোই বুঝতে পারছেন কর্মকর্তারা। পাইপলাইন না থাকায় খেলোয়াড় উঠে আসেননি। ফলে এখন পরখ করে দেখতে হচ্ছে কে কোন পজিশনে উপযুক্ত। অথচ নিচের দিকের দলগুলোর ধারাবাহিকতা থাকলে ফিলিস্তিনে ১৯-২৩ জুলাই এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের জন্য দল গড়তে মোটেও সমস্যা হতো না।

গোলপোস্টের নিচেও আছে সমস্যা। ক্যাম্পে যাঁরা এসেছেন তাঁরা পরীক্ষিত নন। এই পর্যায়ে খেলার মতো অভিজ্ঞতা বা মানসিক দৃঢ়তা এখনো তাঁদের হয়নি। গোলকিপার জিকু, বিকেএসপির পিতন, সুজন ও নাইম আছেন। ঘরোয়া ফুটবলেও তাঁরা সেভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারেননি এখনো।