বাঁকানো রেখাটায় পতনের পথে মেসি? রেকর্ডে ইঙ্গিত তো তেমনই
১৭ ম্যাচ। ১৩৪৩ মিনিট।
এত সময় মাঠে থাকলে লিওনেল মেসি কী করতে পারেন? আগের মেসি হয়তো প্রতি ১০০ মিনিটে গড়ে অন্তত এক-দুটি গোল করানোর পাশাপাশি গোল করাতেনও কয়েকটি। কিন্তু ৩৪ পেরোনো, এই বয়সে ক্লাব বদলানো মেসি? পরিসংখ্যান বলছে, আর্জেন্টাইন ফরোয়ার্ডের এখন গড়ে প্রায় ১১২ মিনিট দরকার পড়ছে গোলে অবদান রাখতে।
পরশু ফরাসি লিগে নিসের বিপক্ষে পিএসজির হারের পর মেসির পারফরম্যান্স আবার আসছে আতশি কাচের নিচে। ম্যাচে পিএসজিই কোনো গোল করতে পারেনি, তাহলে মেসির কোনো গোল বা অ্যাসিস্ট কোত্থেকে আসবে! সে না থাকতেই পারে, তবে ম্যাচে কোনো শটও নিতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতেই একটা ১৫ বছর পুরোনো একটা রেকর্ডকে ফিরতে দেখলেন মেসি, যা হয়তো অনুচ্চারে তাঁর পতনের পথে পথচলার কথাই বলবে।
জীবনের গতিপথের মতো খেলোয়াড়ের ক্যারিয়ারও অনেকটা ‘বেল কার্ভে’র রূপই নেয়। বক্ররেখাটা শুরুতে আস্তে আস্তে উঠতে থাকে, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত উঠতে থাকে—যেটিকে পিক বা চূড়া বলে, এরপর পতনের শুরু। শারীরিক শক্তি, ফিটনেস, চোটের প্রবণতা, অভিজ্ঞতা-তারুণ্যের মিশেল, বোঝার ক্ষমতা...সব মিলিয়ে বলা হয়, ২২-২৩ থেকে ২৭-২৮ বছর পর্যন্ত সময়েই মূলত একজন খেলোয়াড় তাঁর ‘চূড়া’য় থাকেন।
মেসি-রোনালদোরা আলাদা বলেই তাঁদের চূড়ায় থাকার স্থায়িত্ব অন্য অনেকের চেয়ে বেশি। তবে ৩৪-এ এসে মেসি কি পতনের শুরুতে এসে পড়েছেন? পারফরম্যান্স অনেকটা সে ইঙ্গিত দেয়। পিএসজিতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো একেবারে চোখধাঁধানো, মুগ্ধতা ছড়ানো পারফরম্যান্স দেখা যায়নি মেসির কাছ থেকে। গোলও শুকিয়ে যাচ্ছে।
মৌসুমের এ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে তবু ৬ ম্যাচে ৫ গোল করেছেন, ফরাসি লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচে মেসির গোল মাত্র ২টি। অবশ্য ১০ গোল করিয়ে লিগে গোল করানোর তালিকায় এমবাপ্পের পাশাপাশি শীর্ষেই আছেন।
এর মধ্যে নিসের বিপক্ষে পরশু ম্যাচের পর মেসির পতন নিয়ে আলোচনা আরও বেশি করে শুরু হচ্ছে। পুরো ৯০ মিনিট খেলেছেন—লিগে এমন কোনো ম্যাচে এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার প্রতিপক্ষের পোস্টে কোনো শট নিতে পারেননি মেসি। প্রথমটি ২০০৭ সালের ১ নভেম্বর রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে।
১৫ বছর আগের মেসি ছিলেন তখনো পায়ের নিচে মাটি খুঁজে বেড়ানো তরুণ। বল পেলে মনের আনন্দে প্রতিপক্ষকে ছিটকে যাওয়াতেই তাঁর লক্ষ্য ছিল বেশি। রোনালদিনিও, ইতোদের পাশে তারকাখ্যাতিতে তখনো অনেক পিছিয়ে থাকা মেসির ওপর দলের গোল করার দায়িত্বও অত বেশি ছিল না।
কিন্তু ১৫ বছর পরের এই মেসি? বয়স গতি অনেকটা কমিয়ে দিয়েছে, চাইলেই এখন আর গতির দমকে প্রতিপক্ষকে ছিটকে বেরিয়ে যাওয়া সহজ নয়। আবার রোনালদোর মতো উচ্চতা নেই বলে বক্সে ওত পেতে থাকাও তাঁর সাজে না। ফল? শেষের ইঙ্গিত দেওয়া রেকর্ড।
মেসির গোল না হওয়ার ফুটবলীয় ব্যাখ্যা অনেকই আছে। এই ৩৪ বছর বয়সে এসে ক্যারিয়ারে প্রথমবার ক্লাব বদলেছেন, দেশ বদলেছেন। সেখানে মানিয়ে নেওয়া একটা বড় জটিলতা ছিল, চোট আর অসুস্থতাও তাঁর সঙ্গ দেয়নি। পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোও এখন পর্যন্ত এত তারকা নিয়ে কার্যকরী কৌশল বের করতে পারেননি। এসবের সঙ্গে অন্য কারণটিও তো মেসির সমাপ্তির সূচনার কথাই বলে!
তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ৩০-এর পর উইং ছেড়ে বক্সের দিকে ঘেঁষেছেন বেশি, সেটিই স্বাভাবিক ছিল। রোনালদোর অতিমানবীয় অনেক ক্ষমতা থাকলেও তিনি প্লেমেকার নন। বয়স গতি কমিয়ে দেওয়ায় ড্রিবলিংয়েও প্রভাব পড়ছে। পায়ের নাচনে প্রতিপক্ষকে ঘোল খাওয়ালেও এরপর গতির দমকে তো বেরিয়ে যেতে হয়, বয়স সেটি আর সেভাবে হতে দেয় না।
গোলশিকারি পর্তুগিজের উচ্চতা, বলে হেড করার ক্ষমতা, বক্সের ভেতরে মার্কারকে ছিটকে গোল করার অবস্থানে চলে যাওয়ার ক্ষমতাই তাঁকে অনন্য উচ্চতায় এনেছে। রোনালদোর ‘বক্সে তাঁবু গেড়ে নেওয়া’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি হতে পারে, কিন্তু সেটিই ছিল তাঁর বয়সের সঙ্গে মানিয়ে নেওয়ার কার্যকরী কৌশল।
মেসিও মানিয়ে নিচ্ছেন, কিন্তু রোনালদো যেখানে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে খেলা গড়ে দেওয়া বাদ দিয়ে গোল করায় মনোযোগ দিতে পেরেছেন, মেসির ক্ষেত্রে হচ্ছে উল্টো। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মেসির পক্ষে তো লাফিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে হেডে গোল করা সহজ নয়, বয়স গতিও কমিয়ে দিয়েছে অনেকটা।
মেসি তাই কয়েক বছর ধরেই নিচে নেমে খেলা গড়ায় মনোযোগী। বক্সে ঢুকে যাওয়া রোনালদোর যেখানে গোল বেড়েছে, মাঝমাঠে নেমে খেলা গড়ে দেওয়া মেসির বেড়েছে ‘অ্যাসিস্ট।’ কিন্তু মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে দিয়ে আবার বক্সে ঢুকে গোলে সেটির সুন্দর সমাপ্তি টেনে দেওয়ার মতো গতি কমে যাওয়ায় গোলও কমছে।
কারণ যা-ই হোক, দিন শেষে ফলটাই তো চোখের সামনে আসে। সেটি বলছে, মেসিও ‘বেল কার্ভে’র পতনের রেখাতেই। ধারণাটা পাল্টাতে পারবেন মেসি?