বাঁধভাঙা দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে নেই তিলঠাঁই। তবু খেলা দেখতেই হবে। তাই দেয়াল টপকে স্টেডিয়ামে ঢোকার ‘যুদ্ধ’ চলল দর্শকদের মধ্যে l এহসান-উদ-দৌলা, যশোর
গ্যালারিতে নেই তিলঠাঁই। তবু খেলা দেখতেই হবে। তাই দেয়াল টপকে স্টেডিয়ামে ঢোকার ‘যুদ্ধ’ চলল দর্শকদের মধ্যে l এহসান-উদ-দৌলা, যশোর

হেমন্তের রৌদ্রোজ্জ্বল সকাল। নীল আকাশ আর সাদা কাশবন পেছনে ফেলে গ্রামান্তর থেকে ঝাঁকে ঝাঁকে ছুটছে মানুষ। শহরের কাছাকাছি আসতেই তা যেন জনস্রোত। গন্তব্য যশোর শহরের শামসুল হুদা স্টেডিয়াম। তরুণ-তরুণীদের কারও হাতে ঢাক-ঢোল-বাঁশি, কারও কাছে জাতীয় পতাকা আর ‘যশোরে বেশি বেশি খেলা চাই’ লেখা ব্যানার। সকাল নয়টা থেকে স্টেডিয়ামপাড়াও লোকারণ্য। শহরে যে ফুটবল উৎসব!
যশোরের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সাক্ষী হওয়ার আশায় সকাল থেকেই স্টেডিয়ামে জায়গা নিতে ব্যাকুল হাজারো কিশোর-তরুণ। যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইলসহ আশপাশের জেলা থেকে এসেছে মানুষ। সকাল সকালই ঝাঁঝাল রোদে দাঁড়িয়ে যায় তারা লাইন দিয়ে। ফুটবলের উষ্ণতার কাছে রোদের তাপ যেন তুচ্ছ!
স্টেডিয়ামের চারটি ফটকের সামনে থেকে চারদিকে অন্তত এক কিলোমিটারজুড়ে লম্বা লাইন। ১২টা থেকে টিকিট দেখে দর্শক ঢোকানো শুরু। স্টেডিয়ামের ধারণক্ষমতা ১২ হাজার, বেলা দুইটা নাগাদ গ্যালারিতে তিল ধারনের জায়গা নেই। তিনটা বাজতেই জনসমুদ্র। আশপাশের গাছ বেয়ে, মই লাগিয়ে বিপুলসংখ্যক মানুষ চোরাপথেও ঢুকতে থাকে স্টেডিয়ামে।
স্টেডিয়ামের বাইরে তখনো হাজারো মানুষের হাতে টিকিট। তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। ঢোকার জন্য মানুষের ঠেলাঠেলি, ধস্তাধস্তি। একপর্যায়ে চার স্তরের নিরাপত্তাবেষ্টনী ভেঙে দর্শক হুড়মুড় করে ঢুকে পড়ে স্টেডিয়ামে। দর্শকের ঠাসাঠাসিতে দর্শক গ্যালারির নিচের কাঁটাতারের বেড়া যায় ছিঁড়ে। কী আর করা! মাঠের পাশেই অতিরিক্ত দর্শকদের বসিয়ে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। ধারণক্ষমতার দ্বিগুণের বেশি দর্শক ঢুকলেও কোনো অঘটন ঘটেনি স্টেডিয়ামে। খেলার প্রতি মানুষের এই টান আগে কখনো দেখেনি যশোরবাসী।
কর্তৃপক্ষ ১৫ হাজার টিকিট বিক্রির কথা স্বীকার করেছে। তার পরও এত টিকিটধারী দর্শক এল কোত্থেকে? যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু বললেন, ‘টিকিট জাল করা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত তা চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যবস্থা না হয় নেওয়া হবে পরে। যশোরের মানুষ আপাতত একটা ফুটবল-উৎসবের অংশ হতে পেরে দারুণ খুশি। আবার কবে এমন একটা উৎসব আসবে, সেই আশাতেই শুরু হলো তাদের দিন গোনা।