বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দলের ক্যাম্পে ইংল্যান্ডপ্রবাসী ইউসুফ
অবশেষে আজ ঢাকায় পৌঁছেছেন ইংল্যান্ডপ্রবাসী স্ট্রাইকার ইউসুফ জুলকারনাইন। ঢাকায় পা রেখেই আবাহনী লিমিটেড ক্লাবে অনুর্ধ্ব-২৩ জাতীয় দলের ক্যাম্পে উঠেছেন তিনি।
করোনা পরীক্ষার জন্য দিয়েছেন নমুনাও। সেটিতে ‘নেগেটিভ’ হলেই অনুশীলনে যোগ দেবেন তিনি। বাফুফে সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।
প্রথমে জানা গিয়েছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ৩৫ জনের প্রাথমিক তালিকায় আছেন ইউসুফ। ইংল্যান্ডপ্রবাসী এই ফুটবলারকে মালদ্বীপ সফরে নিয়ে যাওয়ার জন্য সরকারের অনুমতিও নিয়ে রেখেছিল বাফুফে।
শেষ পর্যন্ত ২৭ খেলোয়াড় নিয়ে ক্যাম্প শুরু হওয়ায় অস্কার ব্রুজোনের দলে জায়গা হয়নি তাঁর। এরপর এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ৩৮ সদস্যের প্রাথমিক দলে রাখা হয় তাঁকে। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট না থাকায় ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সে ক্যাম্পেও যোগ দিতে পারছিলেন না তিনি।
অবশেষে ক্যাম্প দুই সপ্তাহের বেশি অতিবাহিত হওয়ার পর ঢাকায় এলেন ইংল্যান্ডের তৃতীয় স্তর লিগ ওয়ানের দল ইপসউইচ টাউনের অনূর্ধ্ব-১৮ দলে খেলা এই ফরোয়ার্ড।
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক কুয়েত, উজবেকিস্তান ও সৌদি আরব।
২৫ অক্টোবর কুয়েতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করার পর যথাক্রমে ২৮ ও ৩১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান ও সৌদি আরব। ১১ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে সেরা রানার্সআপ পাবে আগামী বছর অনুষ্ঠেয় এশিয়ান কাপের টিকিট।
স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে উজবেকিস্তান। যুব দলে জাতীয় দলের ১১ সদস্য থাকলেও বাংলাদেশের জন্য পরবর্তী সময় রাউন্ডে যাওয়াটা বেশ কঠিনই বলা যায়।