বাংলাদেশ ‘এল ক্লাসিকো’ হেরেছে

জামাল ভূঁইয়ার চোখে বাংলাদেশ–ভারত দ্বৈরথ যেন এল ক্লাসিকো।ছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল ক্লাসিকো মানেই তুমুল উন্মাদনা। পুরো ফুটবল–বিশ্বের প্রায় দুই ভাগ হয়ে যাওয়া। বিশ্বকাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়েও বেশ উন্মাদনা ছড়িয়ে পড়েছিল দুই দেশে। আর সেই উন্মাদনার আঁচটা টের পেয়েই কিনা জামাল ভূঁইয়া কালকের ম্যাচের উপমায় আনলেন এল ক্লাসিকো শব্দ।

সুনীল ছেত্রীর জোড়া গোলে ভারতের কাছে হারের পর স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশের ফুটবলাররা। হারের পর বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ভিডিও বার্তায় বলেছেন, ‘অবশ্যই আমরা ম্যাচটি জিততে চেয়েছিলাম। এটি মর্যাদার ম্যাচ। এটা তো দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকো। আমরা দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকোতে হেরে গেছি। তারা শক্তিশালী দল। কিন্তু আমরা জেতার জন্যই খেলেছি।’

ভারতের বিপক্ষে জামাল ভূঁইয়া।
সৌজন্য ছবি

ফুটবলে জিততে হলে পায়ে বল রাখতে হবে। কিন্তু বল ধরে রাখার আসল কাজটাই করতে পারেননি বাংলাদেশের ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে কাতারে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অনেক সুযোগ পেয়েছিল। কিন্তু ভারতের বিপক্ষে গোলের সুযোগই তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে মাত্র ২৭ শতাংশ বল দখলে রাখতে পেরেছিল বাংলাদেশ। পেছন থেকে খেলাটা তৈরি করতে পারেনি, রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে।

ভারতের বিপক্ষে গোলের সুযোগ তৈরি করতে না পারার আফসোস জামাল ভূঁইয়ার কণ্ঠে, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলে গোলের সুযোগ সৃষ্টি করেছি ও গোল করেছি। ভারতের সঙ্গে গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারিনি। কেন গোল করতে পারিনি, এটা নিয়ে আলাপ করতে হবে।’

বল দখলের ব্যর্থতার পাশাপাশি মিস পাসেরও খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। জামাল ভূঁইয়া বলছিলেন, ‘আমরা বল হারিয়েছি অনেক। কেন এত বল হারালাম, এটা নিয়েই মূলত আমরা ম্যাচের পর অনেক আলোচনা ও কথা বলেছি। মিস পাসও করেছি অনেক। বল পজিশনে আরও উন্নতি করতে হবে আমাদের। প্রেসিংয়ে আরও ভালো করতে হবে। কেন আমরা শেষ ১২ মিনিটে এত নিচে চলে গেলাম। প্রথম ১০ মিনিট তো ভালো ছিল। আমাদের আরও সামনে থেকে প্রেসিং করলে ভালো হতো।’

বেশি সময় বল পায়ে রাখতে পারেনি বাংলাদেশ।
সৌজন্য ছবি

ম্যাচ হারলেও কোচ জেমি ডে ফুটবলারদের প্রশংসা করেছেন, ‘ছেলেরা ভালোই খেলেছে। ৮০ মিনিট পর্যন্ত ভারতের মতো দলের বিপক্ষে ভালোভাবেই ম্যাচে ছিলাম। শেষ ১০ মিনিট আমাদের খারাপ গেছে।’ কোচের সঙ্গে সুর মিলিয়ে তারিক কাজী বলেন, ‘ভারত তাদের শক্তি দেখিয়েছে। আমরা শেষ ১০ মিনিট মনোযোগ রাখতে পারিনি।’

১৫ জুন বাংলাদেশ শেষ ম্যাচে মুখোমুখি হবে ওমানের। এই হার ভুলে এখন সামনের ম্যাচের দিকেই সব মনোযোগ জামাল ভূঁইয়ার, ‘ভারত–ব্যর্থতা ভুলে আমরা ওমানের জন্য প্রস্তুত হচ্ছি। ওমান খুব শক্তিশালী দল। ওদের সঙ্গে খেলার জন্য প্রস্তুত হচ্ছি আমরা।’