বাংলাদেশ ছাড়ছেন না জামাল ভূঁইয়া

সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। দেশের বিমান ধরার আগে নিয়মরক্ষার শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে মামুনুলরা। তবে দলে কোন্দলের খবর পাওয়া গেছে। বিদেশ বিভুঁই ছেড়ে বাংলাদেশের জার্সিটাকে আপন করে নেওয়া জামাল ভূঁইয়াকে নাকি ঘুষি মেরেছেন ডিফেন্ডার ইয়াসিন! এমনও শোনা গেছে, বাংলাদেশ দলেই নাকি আর খেলবেন না জামাল!
ম্যাচের পর দলের সঙ্গে নয়, জামাল মাঠও ছেড়েছিলেন আলাদাভাবে। এরপর থেকেই গুঞ্জনের পালা লাগে হাওয়া। দলের মধ্যে বিভাজন নিয়ে বিরক্ত জামাল নাকি বাংলাদেশের হয়ে আর না-খেলার সিদ্ধান্ত নিয়েছেন। জন্মেছেন বিদেশে। বাবা ছিলেন বাংলাদেশি। এ দেশের আবহাওয়া, ভাষা আর সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে ঢের কষ্ট করতে হয়েছে। বেশ কিছু দিন ধরেই বাংলাদেশের সেরা খেলোয়াড় তিনি। ভক্তরা ভালোবেসে নাম দিয়েছে ‘বাংলার মাসচেরানো’।
এত ত্যাগ স্বীকার করার পুরস্কারও মিলেছে। ভক্তদের অকৃপণ ভালোবাসা। হয়েছিলেন বঙ্গবন্ধু গোল্ডকাপের সেরা খেলোয়াড়ও। সেই জামাল বাংলাদেশকে ছেড়ে যাচ্ছেন! এ নিয়েই পড়ে গেল শোরগোল।
এমনিতেও বাংলাদেশ ফুটবলে একের পর এক নেতিবাচক সংবাদ। এরই মধ্যে দলের অন্যতম সেরা খেলোয়াড় যদি আর না খেলতে চান, সেটি দেশের ফুটবলের জন্য বিরাট ক্ষতি। স্বাভাবিকভাবেই ফুটবল সমর্থকদের মধ্যে এ নিয়ে দেখা গিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা। তবে স্বস্তির বিষয়, নিজের ফেসবুক পেজে সমর্থকদের আশ্বস্ত করেছেন জামাল ভূঁইয়া। ফেসবুকে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে এই ডিফেন্সিভ মিডফিল্ডার লিখেছেন, ‘সবার দিনটি ভালো কাটুক। মিডিয়ায় যা শুনবেন, তা-ই বিশ্বাস করবেন না।’
যদি তা-ই হয়, খারাপ সময়ে ঘুরপাক খেতে থাকা ফুটবল রক্ষা পেল আরেকটি দুঃসংবাদ থেকে।