বাংলাদেশ জানে রশিদ খানের মতোই ভয়ংকর তাঁরা

>আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই শুরু করবে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের পরীক্ষা নিবে পুরো দলই। তবে সবচেয়ে বেশি ভোগাতে পারেন তিন মিডফিল্ডার।
টানা দুই দিনে দুটি বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। শুধু ভেন্যু আর বলের আকারটাই বদলে যাচ্ছে। ক্রিকেটের পরিবর্তে ফুটবল আর চট্টগ্রামের জায়গায় দুশানবে। গতকাল চট্টগ্রামে রশিদ খানের ঘূর্ণিতে নাকাল হয়েছে সাকিব বাহিনী। দুশানবেতে আজ রশিদ খান নেই, কিন্তু জামাল ভূঁইয়াদের সামনে তাঁর মতো ভয়ংকর হয়ে ওঠার মতো খেলোয়াড়ের সংখ্যাও কম নয় আফগানিস্তান ফুটবল দলে।
বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে আছে আফগানিস্তান। র্যাঙ্কিংয়ের মতোই খেলোয়াড়দের যোগ্যতার মানদণ্ডে জামাল ভূঁইয়াদের চেয়ে অনেক এগিয়ে প্রতিপক্ষ। পুরো ইউরোপ তন্নতন্ন করে বংশোদ্ভূত ফুটবলার খুঁজে বের করে জাতীয় দল গঠন করেছে আফগানরা। ফলে দলে ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলারদের ছড়াছড়ি। নিচের সারির দলগুলোতে খেললেও কয়েকটি নাম ‘রশিদ খানের’ মতোই ভয়ংকর হয়ে ওঠার মতো। আবাসিন আলীখিল, নূর হুসিন ও ফারশাদ নূরের নাম জেমির ট্যাকটিস বোর্ডে লাল কালিতে লিখে রাখার কথা। এই ত্রয়ীই যে আফগান দলের মেরুদণ্ড।
শেষ ম্যাচে কাতারের বিপক্ষে ৫-৪-১ ফরম্যাশনে খেললেও বাংলাদেশের মতো একটু পিছিয়ে থাকা বা সমমান দলের বিপক্ষে ৪-৩-৩ ফরম্যাশনে খেলে থাকে আফগানিস্তান। অধিনায়ক ফারশাদ নূর সেই ট্যাকটিকসের নিউক্লিয়াস। বর্তমানে সাইপ্রাসের প্রথম বিভাগের ক্লাব নেয়া সালামিস ফামাগুস্তায় খেলা আফগান অধিনায়কের নেদারল্যান্ডসের বিখ্যাত ক্লাব পিএসভি আইন্দোহোভেনের দ্বিতীয় দলে খেলার অভিজ্ঞতাও আছে। আক্রমণাত্মক ধাঁচের হলেও বক্স টু বক্স খেলতে পারেন বলে রক্ষণভাগকে ছায়া দিতে জুড়ি নেই। অনুশীলন ও ক্লাসে তাঁর ব্যাপারে শিষ্যদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশ কোচ।
জেমির লিস্টে থাকা বাকি দুজনের একজন নূর হুসিনের খেলোয়াড়িবৃত্তান্ত ফারশাদের মতো ভারী না হলেও খারাপ নয়। কুশলী এই মিডফিল্ডার খেলে থাকেন ইংল্যান্ডের চতুর্থ শ্রেণির লিগে। অন্য মিডফিল্ডারের একজন আলীখিল খেলেন জার্মানির চতুর্থ বিভাগের হেসন ড্রাইআইখে। আফগানদের ছোট ছোট পাসে দ্রুতগতিতে আক্রমণে ওঠার কারিগর এই তিনজনই। মাঝমাঠের মতো আক্রমণভাগটাও শক্তিশালী। বাংলাদেশের প্রতিরক্ষাব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে নাম্বার নাইন জাবার শারজা। এবার নাম লিখিয়েছেন ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ক্লাব এইচআইফকে।
দেখে নিন আফগানিস্তান দলের খেলোয়াড়েরা কোথায় খেলেন
নূর হুসিন | ইংল্যান্ড | চতুর্থ বিভাগের ক্লাব স্টিভেনেজ |
হাসান আমিন | জার্মানি | তৃতীয় বিভাগের ক্লাব এসভি মেপ্পেন |
নাজিম হায়দারি | নেদারল্যান্ডস | দ্বিতীয় বিভাগের ক্লাব ডেন বশ |
মিলাদ ইনতেজার | নেদারল্যান্ডস | আধা পেশাদার ক্লাব লিয়েনডেন |
শরীফ মুখাম্মাদ | সাইপ্রাস | দ্বিতীয় বিভাগের ক্লাব কারমিওতিসা |
ফারশাদ নুর | সাইপ্রাস | প্রথম বিভাগের ক্লাব নেয়া সালামিস ফামাগুস্তা |
আবাসিন আলীখিল | জার্মানি | চতুর্থ বিভাগের হেসন ড্রাইআইখ ক্লাব |
ফয়সাল শায়েস্তে | থাইল্যান্ড | দ্বিতীয় বিভাগের ক্লাব এয়ারফোর্স ইউনাইটেড |
অ্যাডাম নাজেম | যুক্তরাষ্ট্র | দ্বিতীয় বিভাগের ক্লাব মেমফিস ৯০১ |
জাবার শারজা | ফিনল্যান্ড | শীর্ষ বিভাগের ক্লাব এইচআইএফকে |
ওমরান হায়দারি | পোল্যান্ড | প্রথম বিভাগের ক্লাব অলিম্পিয়া রুদজন্দস |
জুবাইর আমিরি | জার্মানি | চতুর্থ বিভাগের ক্লাব হেসন ড্রাইআইখ |