
প্রিমিয়ার লিগ তো বটেই, পেশাদার লিগের দ্বিতীয় স্তরেও দেখা যাচ্ছে বিদেশি কোচ। কাল পঞ্চম চ্যাম্পিয়নশিপ লিগের প্রথম দিনেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখা গেল এক বিদেশিকে। যিনি বাংলাদেশে কিছুটা হলেও পরিচিত। ২০১৪ সালে যশোর ও রাজশাহীতে বাংলাদেশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা শ্রীলঙ্কার কোচ ছিলেন নিকোলা কাভাজোভিচ।
২০১২-১৩ সালে তাজিকিস্তান জাতীয় দলের কোচ ছিলেন। সম্প্রতি মালদ্বীপের চ্যাম্পিয়ন ক্লাব নিউ রেডিয়েন্টের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। তাঁকে ঢাকায় নিয়ে এসেছে প্রিমিয়ার লিগের স্বত্ব কেনা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। এই প্রতিষ্ঠানেরই দল সাইফ স্পোর্টিংয়ের কোচ করা হয়েছে সার্বিয়ান কাভাজোভিচকে।
চ্যাম্পিয়নশিপ লিগ দিয়ে ঢাকায় তাঁর শুরুটা ভালোই হয়েছে। টিঅ্যান্ডটি ক্লাবের বিপক্ষে সাইফ স্পোর্টিংয়ের ৩-১ গোলের জয়ে ম্যাচের পর পেলেন অনেক অভিনন্দন। ১৬ মিনিটেই সাইফকে ২-০ গোলে এগিয়ে দেন সুমন ও আরিফ। অতিরিক্ত সময়ে ৩-০ করলেন সাজিদ, পরপরই নইমুদ্দিনের পেনাল্টি গোলে ব্যবধান কমেছে।
ম্যাচ শেষে খুশি কাভাজোভিচ বললেন, সাইফ পাওয়ারটেক একটি একাডেমি করতে চায়, সে জন্যই মূলত তাঁকে আনা। সঙ্গে বিদেশি ট্রেনারও। আর পেশাদার লিগের দ্বিতীয় স্তরে কাভাজোভিচ কাজ করছেন নতুন কিছু করার লক্ষ্য নিয়ে। যদিও এত দিন জাতীয় দল বা শীর্ষ স্তরেই কোচিং করিয়েছেন। এখানে দ্বিতীয় স্তরে করার কারণ, ‘সাইফ পাওয়ারটেকের প্রধান তরফদার রুহুল আমিনের সুদূরপ্রসারী পরিকল্পনা আমার ভালো লেগেছে।’
সেই পরিকল্পনায় আছে নবীন ফুটবলার তুলে আনা। কাল মাঠে প্রথম দিনেই দেখলেন বাংলাদেশের মূল স্তরের খেলোয়াড়দের চেয়ে নবীনেরাই বেশি প্রতিভাবান। বাংলাদেশ জাতীয় দল আর এই নবীনেরা—কোন দলটিকে কেমন দেখলেন প্রশ্নে তাঁর উত্তর, ‘বাংলাদেশে জাতীয় দল আর এই ছেলেদের মধ্যে বিশাল পার্থক্য।’
তাই ভুটানের কাছে বাংলাদেশ দলের হার দেখে নাকি মোটেও অবাক হননি ৪১ বছর বয়সী কোচ, ‘বাংলাদেশের ফুটবলার ও ফুটবলের যা অবস্থা তাতে ভুটানের জয়টা স্বাভাবিক। ভুটান অনেক এগিয়েছে, আর বাংলাদেশ পেছনে হাঁটছে। যদি বাজি ধরার সুযোগ থাকত, আমি ভুটানের পক্ষেই ধরতাম।’
তাঁর অধীনে শ্রীলঙ্কাও হেরেছে ভুটানের কাছে। ভুটানের এই অগ্রযাত্রার পেছনে তাদের একাডেমির কার্যকর ভূমিকা দেখেন। বাংলাদেশে এসব নেই জেনে আক্ষেপই করলেন। তাঁর পরামর্শ, ‘তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে কার্যকর একাডেমি গড়তে হবে।’