বাংলাদেশ থেকে টাকা পাঠাতে হচ্ছে আফগানিস্তানে

আফগানিস্তানে আবার তালেবানদের দাপত শুরু হয়েছেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবুলের বনেদি পরিবারে জন্ম মাসিহ সাইগানির। আইনজীবী মা ও চিকিৎসক বাবার শাসন ও স্নেহে ভালোই চলছিল চার ভাইবোনের জীবন। কিন্তু যুদ্ধের ভয়াবহতা তাঁদের জীবনকে অনিশ্চয়তায় ঠেলে দিলে উন্নত ভবিষ্যতের আশায় ১৯৮৯ সালে দেশের মায়া ছেড়ে পাড়ি জমালেন জার্মানিতে। এর পর সেখানেই তাঁর বেড়ে ওঠা। মাত্র ২ বছর বয়সে আফগানিস্তান ছাড়লেও মাতৃভূমির প্রতি ভালোবাসায় কোনো টান পড়েনি আবাহনী লিমিটেডে খেলা এই আফগান ডিফেন্ডারের।

আফগানিস্তান আবার তালেবান হামলায় জর্জরিত। মারা যাচ্ছেন অনেক মানুষ। ঢাকায় বসে দেশের জন্য মন কাঁদছে সাইগানির। আফগানিস্তানে তাঁর নিকট আত্মীয় কেউ নেই। তবে পরিচিতজনদের বিপদের সময় এগিয়ে এসেছেন তিনি। ঢাকা থেকেই কাবুলে টাকা পাঠাচ্ছেন আবাহনীর এই ডিফেন্ডার।

আবাহনী লিমিটেডে খেলছেন আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইগানি
ফাইল ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তালেবান। সেখানকার মানুষের এখন নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা। স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। বন্ধ হয়ে গিয়েছে ব্যাংকিং কার্যক্রম। পরিচিতজনদের সাহায্য করার জন্য ঢাকা থেকে টাকা পাঠাচ্ছেন সাইগানি। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা জার্মানিতে থাকলেও আমার বোনের কিছু বান্ধবী আছেন, যাঁরা কাবুলে বসবাস করেন। তাঁরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি ঢাকা থেকে বেশ কয়েকজনকে বিভিন্ন মাধ্যমে টাকাও পাঠিয়েছি।’

দেশ ছাড়ার পর একবারই আফগানিস্তানে গিয়েছিলেন সাইগানি। ২০১৫ সালে প্রথমবার আফগানিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন। সেবার ভারতের কেরালায় অনুষ্ঠিত সাফ ফুটবলে রানার্সআপ হয় আফগানিস্তান। টুর্নামেন্টে দুই গোল করে দেশকে রানার্সআপ করতে বড় ভূমিকাও রেখেছিলেন ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার। সেবার কাবুলে সংবর্ধনার আয়োজন করা হলে দুই দিনের জন্য আফগানিস্তানে যাওয়া। সাইগানির গায়ে আফগান আলো-বাতাস সেভাবে না পড়লেও দেশটির প্রতি তাঁর ভালোবাসার কমতি নেই।

আফগানিস্তান জাতীয় দলের জার্সিতে মাসিহ সাইগানি
ছবি: সংগৃহীত

তাই মাতৃভূমির নৈরাজ্যে নিজেও পাচ্ছেন কষ্ট। সাইগানি বলেন, ‘আফগানিস্তানের বর্তমান অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। সেখানে আমার কোনো কাছের বন্ধু বা আত্মীয়স্বজন না থাকলেও পরিচিত অনেকেই আছেন। সেখানে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার আছে। আছেন দলের চিকিৎসকসহ অনেকেই। তাঁরা ভালো নেই। তাঁদের জন্য মন খারাপ। দেশটা আবার অস্থিতিশীল হয়ে গেল। গত তিন বছর খুব ভালো সময় গিয়েছিল। আশা করি, আবার আফগানিস্তানে ভালো সময় ফিরে আসবে।’

আবাহনী লিমিটেডের জার্সিতে মাসিহ সাইগানি
ফাইল ছবি: প্রথম আলো

সাইগানির বাংলাদেশ অধ্যায় শুরু হয় ২০১৮ সালে। বসুন্ধরা কিংসে ট্রায়াল দিতে ঢাকায় আসা। করপোরেট ক্লাবটির মন জয় করতে না পারলে নাম লেখান আবাহনী লিমিটেডে। সেবার আবাহনীর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন দীর্ঘদেহী এই ডিফেন্ডার। ২০১৯ সালে প্রথমবারের মতো আবাহনীর এএফসি কাপের গ্রুপ পর্বে পেরোয় সাইগানির কল্যাণেই। সে বছর ভারতের ক্লাবে নাম লেখালেও গত বছর আবার আবাহনীতে ফিরে এসেছেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বে খেলার জন্য এবার ডাক পেয়েছিলেন জাতীয় দলেও। ২০১৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ২০১৭ সাল পর্যন্ত নিয়মিত ছিলেন। চার বছর বাদে এবার আবার জাতীয় দলে ফিরেছেন ৩৪ বছর বয়সী সাইগানি। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তাঁর পরিচয়টা তো আফগান। নিজের দেশ আক্রান্ত হলে কোন মানুষই–বা ভালো থাকতে পারেন!