বাংলাদেশ থেকে শিক্ষকের শুভকামনা পাচ্ছেন ইংল্যান্ড কোচ
অতীতের খেরো খাতায় যা–ই থাকুক, যেমনই হোক বর্তমান দলের অবস্থা, যেকোনো বড় টুর্নামেন্টেই ফেবারিটের তালিকায় রাখতে হয় ইংল্যান্ডকে। কিন্তু বরাবরই প্রত্যাশার সঙ্গে সাফল্যের পার্থক্যটা থেকে যায় অনেক বড়। দৃশ্যটা এবার বদলে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠে গেছে ইংল্যান্ড।
ইংলিশদের এই সাফল্যের পেছনে বারবার উঠে আসছে কোচ গ্যারেথ সাউথগেটের নাম। সাউথগেট যখন ক্ষুরধার মাথা দিয়ে ইউরো মাতিয়ে দিয়েছেন, তখন ছাত্রের কৃতিত্বে ঢাকায় গর্বে বুক ফুলে উঠছে তাঁর শিক্ষক স্টুয়ার্ট হলের।
সাইফ স্পোর্টিং ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ৬২ বছর বয়সী ইংলিশ কোচ হল। ২০০৬ সালে এই হলের অধীনই ‘এ’ লাইসেন্স করেছিলেন সাউথগেট। আজ রাতে ইতালির বিপক্ষে ফাইনালে নামার আগে ছাত্র সাউথগেটের জন্য শুভকামনা জানাচ্ছেন হল। তিনি বিশ্বাস করেন, সাউথগেটের অধীনই ৫৫ বছর পর বড় কোনো ট্রফি জিততে যাচ্ছে ইংল্যান্ড।
ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে প্রায় এক যুগ খেলেছেন সাউথগেট। ক্লাব ফুটবলে মিডলসব্রোতে খেলা অবস্থাতেই ২০০৬ সালে দলটির কোচ হয়ে যান তিনি। সে বছরই হলের অধীন ‘এ’ লাইসেন্স করেন সাউথগেট। ১৫ বছর পেছনে ফিরে গেলেন হল, ‘সে মিডলসব্রোর কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করে। ২০০৬ সালে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অধীন ‘এ’ লাইসেন্স করে। সে ব্যাচটির দায়িত্বে ছিলাম আমি। ছাত্র হিসেবে খুবই ভালো ছিল। তখনই বোঝা গিয়েছিল, কোচ হিসেবে তার লক্ষ্য অনেক দূর।’
২০০৯ সালের মধ্যেই সাউথগেটের কোচিংয়ের গুণগান শুরু হয়ে যায়। ছাত্র সাফল্য পেলে শিক্ষকদের মর্যাদাও যায় বেড়ে। ক্যারিয়ারে একবারই জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন ৬২ বছর বয়সী হল। সে যাত্রায় ছাত্র সাউথগেটের অবদান ছিল বলে জানালেন তিনি, ‘২০০৯ সালে আমি সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডাইন জাতীয় দলের কোচ হয়েছিলাম। সেখানকার কোচ হওয়ার পেছনে সাউথগেট আমার নামে সুপারিশ করেছিল।’
সাউথগেটের কোচিংয়ে ইংল্যান্ডের জয়গান তো আমরা সবাই দেখছি। ব্যক্তি সাউথগেটেও মুগ্ধ হল, ‘কোচ হিসেবে খুবই ভালো করছে সাউথগেট। ব্যক্তি হিসেবেও সে অনেক ভালো। তার ব্যক্তিত্ব দিয়ে সে তরুণ খেলোয়াড়দের মন জয় করে নিয়েছে। তার জন্যই খেলোয়াড়েরা ইংল্যান্ডের হয়ে খেলতে স্বচ্ছন্দ বোধ করছে। সে ইংল্যান্ড জাতীয় দলকে বদলে দিয়েছে।’
ইংল্যান্ডের সামনে আজ প্রথমবারের মতো ইউরো জয়ের হাতছানি। তাঁর ছাত্রের হাত ধরেই ইংল্যান্ড এবার শিরোপা জিতবে বলে আশাবাদী হল। তিনি বলেন, ‘সাউথগেটের হাতে তরুণ একটি দল আছে। সে এই দল তৈরি করেছে। প্রতিপক্ষ ইতালিও অনেক শক্তিশালী দল। আজ দেখার বিষয়, ইতালির বিপক্ষে সাউথগেট কোন কৌশলে দলকে খেলায়। আমার বিশ্বাস, সে সেরা কৌশলটাই খুঁজে নিতে পারবে। আমি মনে করি ইংল্যান্ড ২-১ গোলে জিতবে।’