প্রিমিয়ার লিগ ফুটবলে এখন বিরতি চলছে। ঢাকাতে কিছুটা অলস সময়ই কাটাচ্ছিলেন আবাহনী লিমিটেডের আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইগানি। কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বকে সামনে রেখে হঠাৎ আফগান জাতীয় দলে ডাক পড়েছে তাঁর। আজ সন্ধ্যায় কাতারের উদ্দেশে ঢাকা ছাড়ছেন এই সেন্টারব্যাক। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সাইগানি নিজেই।
এরই মধ্যে বাছাইপর্বে দুই দল একটি ম্যাচ খেলেছে। ফলে নতুন করে জানার কিছু নেই। তবে হ্যাঁ, আমার সাহায্য চাইলে আমি দলকে সহযোগিতা করতে পারব। তবে এটা তেমন কোনো গুরুত্ব বহন করে না।
বাছাইপর্বের বাকি তিন ম্যাচের প্রথমটিতে ৩ জুন বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। এমন ম্যাচের আগে বাংলাদেশে খেলা ৩৪ বছর বয়সী সাইগানিকে জাতীয় দলে ফেরানোটা আফগানিস্তান কোচের ‘মাস্টার স্ট্রোক’ই বলা যায়। ২০১৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর আফগানিস্তানের জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন সাইগানি। ২০১৫ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে গোলও আছে দীর্ঘদেহী এই সেন্টারব্যাকের। ২০১৭ সালে জাতীয় দলের হয়ে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি খেলার পর এত দিন উপেক্ষিতই ছিলেন তিনি।
চার বছর পর আবার জাতীয় দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত সাইগানি। ক্লাব থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রাপথে সাইগানি বলছিলেন, ‘অনেক দিন পর জাতীয় দলে ফিরলাম। দেশের হয়ে খেলতে পারাটা খুবই গর্বের। যেটি আমি গত কয়েক বছর মিস করেছি। আজই দলের সঙ্গে যোগ দিচ্ছি। সন্ধ্যার ফ্লাইটে কাতার যাওয়ার জন্য এখন বিমানবন্দরের পথে আছি।’
আবাহনীতে দুই মৌসুম খেলার সুবাদে বাংলাদেশের ফুটবলের নাড়িনক্ষত্র চেনেন সাইগানি। খেলোয়াড়দের শক্তি-দুর্বলতার জায়গাটাও খুব ভালো করেই জানা তাঁর। তাঁকে পেয়ে অন্য রকম সুবিধাই পেয়ে গেল আফগানিস্তান দল। তবে সাইগানি ব্যাপারটা দেখেন একটু অন্যভাবে, ‘এরই মধ্যে বাছাইপর্বে দুই দল একটি ম্যাচ খেলেছে। ফলে নতুন করে জানার কিছু নেই। তবে হ্যাঁ, আমার সাহায্য চাইলে আমি দলকে সহযোগিতা করতে পারব। তবে এটা তেমন কোনো গুরুত্ব বহন করে না।’
বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ সামনে রেখে দারুণ প্রস্তুতি আফগানিস্তানের। দুবাইয়ে চলছে প্রস্তুতি ক্যাম্প। খেলা হয়ে গেছে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও। দুটি ম্যাচের একটিতে ইন্দোনেশিয়াকে ৩-২ গোলে হারানোর পর কাল সিঙ্গাপুরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। দুবাইয়ে প্রস্তুতিকালে চোট পান দলের ডিফেন্ডার হাসান আমিন। তাই শেষ মুহূর্তে সাইগানির দিকে হাত বাড়িয়েছেন আফগান কোচ। বাছাইপর্বের প্রথম পর্বে দুশানবেতে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।