দেশের ফুটবলকে অন্যমাত্রায় নিয়ে যেতে চান দুই প্রবাসী
২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয় বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ার। প্রায় ৯ বছর বাদে দ্বিতীয় প্রবাসী হিসেবে এ বছর বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী। এ দুজনের মধ্যে অনেকে আসা–যাওয়া করলেও জায়গা হয়নি কারও। বেশ কয়েক বছর বাদে জাতীয় দলে ডাকা হয়েছে দুই প্রবাসী ফুটবলারকে। তাঁরা হলেন কানাডাপ্রবাসী রাহবার ওয়াহেদ খান ও ফ্রান্সপ্রবাসী তাহমিদ ইসলাম। কিরগিজস্তানে তাঁদের পরখ করে দেখতে চান কোচ জেমি ডে।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত রাহবার ও তাহমিদ। ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা। কানাডায় পড়াশোনা করতে গিয়ে সেখানকার সেমি পেশাদার ওয়ান লিগের ক্লাব নর্থ টরোন্টো নিট্রোস ক্লাবে। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই একাদশে চোখ ২৬ বছর বয়সী মিডফিল্ডার রাহবারের, ‘প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছি। আমি খুব উচ্ছ্বসিত। কোচ জেমি সবকিছু বুঝিয়ে দিয়েছেন। আমার মনোযোগ থাকবে মূল একাদশে থাকার। দলকে সহযোগিতা করার। যেভাবেই হোক আরও গোল আদায় করা। বেশি ম্যাচ জেতা।’
২৭ তারিখ মাঝরাতে কিরগিজস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। কানাডা থেকেই সরাসরি বিশকেকে দলের সঙ্গে যোগ দেবেন রাহবার। দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য তর সইছে না তাঁর, ‘দলের সকল সদস্যের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছি আমি। এটা আমার জন্য অনেক গর্বের বিষয়।’
রাহবারের মতো তাহমিদও মিডফিল্ডার। বাফুফের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী খেলছেন ফ্রান্সের পঞ্চম স্তরের দল ভের্তু ক্লাবের হয়ে। বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ ফ্রান্সে বসবাসরত তাহমিদ বলেন, ‘আমি ফ্রান্সপ্রবাসী। ফুটবল–ভক্ত। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে আনন্দিত। ধন্যবাদ জানাচ্ছি আমার কোচ জেমি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। দেশের সবার কাছে দোয়া চাই, যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারি।’ তাঁরও বিশকেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
কিরগিজস্তানে অনুষ্ঠেয় ৩ জাতি টুর্নামেন্টে ৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ ফিলিস্তিনির বিপক্ষে। ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ কিরগিজস্তান। এই টুর্নামেন্টের বাইরে গিয়েও ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।