বাংলাদেশ দলে বিভেদের দেয়াল
অধিনায়ক মামুনুল ইসলামই কথাটা বলেছিলেন। দলের নবীন সদস্যদের মধ্যে প্রত্যাশিত ক্ষুধাটা নাকি দেখেননি। অভিজ্ঞরা কখনো কখনো ভালো পারফর্ম করতে না-ও পারে। কিন্তু নবীনরা জয়ের জন্য ঝাঁপাবে না কেন?
গত কদিনে দলের আশপাশে ঘোরাফেরা করে টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর বলা মামুনুলের কথাটার প্রমাণও মিলেছে। দলের মধ্যে বন্ধন নেই। এক কর্মকর্তা আরেকটু এগিয়ে বললেন, ‘গ্রুপিং আছে। গ্রুপ ধরে ধরে ওরা চলাফেরা করে।’
বাংলাদেশ দল কাল যখন মাঠে আসার জন্য টিম হোটেল ছাড়ছে, ঠিক এর আধঘণ্টা আগে এক সিনিয়র খেলোয়াড়ও কথাটা তুললেন। কথাটা বলতে গিয়ে একজন তো কেঁদেই ফেললেন, ‘দলটার মধ্যে কিছুই নেই। আন্তরিকতা, নিষ্ঠা, ত্যাগ কোনো কিছুই দেখছি না। কিছু নতুন খেলোয়াড় কোচকে খুশি করতে ভিন্ন পথে হাঁটে।’
আগের বাংলাদেশ দলের চেয়ে এই বাংলাদেশের পার্থক্য কী? আরেক জ্যেষ্ঠ খেলোয়াড়ের চোখেও চিত্রটা প্রায় একই, ‘এই দলে কয়েকটি ভাগ। একটা শেখ জামাল গ্রুপ, আরেকট নবীন গ্রুপ, আরেকটি বহুজাতিক। কয়েকজন নতুন সিরিয়াস নয়। দল নিয়ে ওরা অনুভূতিহীন। ওরা সিনিয়রদের সম্মানও করে না।’
দ্বন্দ্বটা প্রকাশ্যেই এসে গেল কাল মাঠে। ইয়াসিন একটা বল ভালোভাবে ক্লিয়ার করতে পারেনি, জামাল তাঁকে ধাক্কা দেন। সঙ্গে সঙ্গে জামালকে দুই হাতে গোটা চারেক ঘুষি মারেন ইয়াসিন। ম্যাচের পর গোটা দল একদিক দিয়ে হেঁটে গেল, জামাল একদিকে। মামুনুল আরেক দিকে। কোচ মারুফুল হক দ্বন্দ্বের বিষয়টা অবশ্য নাকচই করে দিলেন, ‘না, না, মাঠে উত্তেজনা একটু হতেই পারে। কিন্তু দল একতাবদ্ধ আছে।’
সেই ‘একতাবদ্ধ দল’ খানিক আগে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে, সাফের খাতায় অনেক দিন পর জয়ের একটা দাগ পড়ল। প্রথম দুই ম্যাচ হেরেই বিদায় নেওয়া দলের জন্য তৃতীয় ম্যাচটা এদিক দিয়ে হলেও গুরুত্বপূর্ণ ছিল। এটি মারুফুল হকের দায়মুক্তিরও ম্যাচও নয় কি?
গ্রিনফিল্ড স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে বাংলাদেশ কোচের সামনে প্রথম প্রশ্ন ছুড়ে মারল স্বদেশি সংবাদমাধ্যম। বরাবরের মতো মারুফুলের শান্ত গলা, ‘আমার দায়মুক্তির কিছু নেই। সাফ পর্যন্ত চুক্তি ছিল, সেটা শেষ। এখন আমি মুক্ত।’
কিন্তু নাছোড় সাংবাদিকেরা শুনতে চাইছিলেন যে বাফুফে চাইলে বঙ্গবন্ধু কাপে কোচ থাকবেন কি না। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নাকি মারুফুলের নিজের ওপর ছেড়ে দিয়েছেন ব্যাপারটা। কিন্তু বিদায়ী কোচ বলছেন, ‘আমার সঙ্গে কারও কোনো যোগাযোগই হয়নি।’ তবে দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব দিলে সেটি নিতে আগ্রহী আছেন। মারুফুলের কথাবার্তায় এই আভাসও পাওয়া গেল যে বঙ্গবন্ধু কাপে দায়িত্ব দিলে শেষ পর্যন্ত নাকচ করবেন না।
ভুটান প্রসঙ্গ থাকল গৌণ হয়ে। তবে ১০ জনের বিপক্ষেও একটির বেশি গোল করতে না পারাটা মারুফুলের চোখেও বড় ব্যর্থতাই। বরাবরের মতো সেই একই কারণ দেখালেন, ‘মনোযোগের অভাবের সঙ্গে আসলে মানসিক সমস্যাই এখানে বড়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলতে পারছে না খেলোয়াড়েরা। নইলে এই ম্যাচে গোল আরও অনেক বেশি হতে পারত।’
জয়টাই যেখানে আসল, ব্যবধান নিয়ে মারুফুলের হা-হুতাশ নই। তবে দলের খেলায় অসন্তুষ্ট না হলেও উচ্ছ্বসিত হতে পারেননি। উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু করতেও পারেনি বাংলাদেশ দল।