বাংলাদেশ নয় নাইজেরিয়াকেই চান সেন্টফিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্টফিট বাংলাদেশের কোচ হচ্ছেন না! প্রথম আলো
সেন্টফিট বাংলাদেশের কোচ হচ্ছেন না! প্রথম আলো

চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা সারতে প্রস্তুত ছিল দুই পক্ষই। টম সেন্টফিটের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতার খবর সংগ্রহ করতে আজ দুপুরে ফুটবল ভবনে সংবাদমাধ্যম কর্মীরাও এসে অপেক্ষা করছিলেন। কিন্তু যাঁর সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেই কোচ টম সেন্টফিটেরই যে দেখা নেই! খোঁজ নিয়ে জানা গেল, অসুস্থতার কথা বলে আজকের চুক্তি অনুষ্ঠান স্থগিত করেছেন এই বেলজিয়ান।
কিন্তু ভেতরের খবর অন্য রকম, যেখানে বাংলাদেশের জন্য এক দুঃসংবাদই দিচ্ছেন সেন্টফিট। সম্ভবত বাংলাদেশের কোচ হতে রাজি নন তিনি। তাঁর জন্য দরজা খুলে গেছে নাইজেরিয়ার কোচ হওয়ার।
কদিন আগেই নাইজেরিয়ার কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফরাসি পল লে গুয়েন। কিন্তু হঠাৎ করে গুয়েন কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ায় কপাল খুলে গেছে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকা সেন্টফিটের। এই মুহূর্তে নাইজেরিয়া থেকে চূড়ান্ত কোনো খবর না পাওয়া পর্যন্ত তিনি বাংলাদেশের সঙ্গেও চুক্তি করতে চাইছেন না। দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট সুপারস্পোর্টকে জানিয়েছেন, নাইজেরিয়ার দায়িত্ব নিতে মুখিয়ে আছেন। এমনকি নাইজেরিয়াকে রাশিয়া বিশ্বকাপে তুলতেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ওই ওয়েবসাইটে সেন্টফিট স্পষ্টভাবে জানিয়েছেন, ‘নাইজেরিয়া আমার প্রথম পছন্দ, এ জন্যই আমি বাংলাদেশে কাজ করতে চাইছি না। বাংলাদেশের সঙ্গে চুক্তিটা আপাতত করছি না। আমি নাইজেরিয়াকে বিশ্বকাপে তুলতে চাই। শুধু তা-ই নয়, দলটাকে বিশ্বকাপের সেমিফাইনালে নিতে চাই। কারণ তাদের সেই সামর্থ্য রয়েছে। আমি নাইজেরিয়ায় থাকতে প্রস্তুত।’
সেন্টফিটের কাছে নাইজেরিয়া অবশ্যই লোভনীয় প্রস্তাব। বিশ্বকাপে খেলা দলকে বাদ দিয়ে বাংলাদেশের দায়িত্ব কেন নেবেন? বাফুফের কিছু করারও নেই। কারণ সেন্টফিটের সঙ্গে আগে কোনো চুক্তিও তাদের হয়নি। সেই অসহায়ত্ব ধরা পড়ল সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কণ্ঠে, ‘যেহেতু আমাদের সঙ্গে তাঁর কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আমি একটু পর তাঁর সঙ্গে সরাসরি কথা বলতে হোটেলে যাব। এরপরই বোঝা যাবে পরিস্থিতিটা কী।’