বাংলাদেশ পেয়েছে দারুণ এক স্ট্রাইকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহিম হতে পারে ফুটবলের বড় সুখবর। ফাইল ছবি
ফাহিম হতে পারে ফুটবলের বড় সুখবর। ফাইল ছবি

ফয়সাল হোসেন ফাহিম নামটা কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যথেষ্টই আলোচিত। আলোচনাটা অবশ্য কাঠমান্ডুর সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলকে কেন্দ্র করেই নয়, সেটি সিরাজগঞ্জের ছেলেটির গোল করার ক্ষমতাকে ঘিরেই। কাঠমান্ডুর দর্শকেরা দেখেছে গোলপোস্টের সামনে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে সে। টুর্নামেন্টে ৪ ম্যাচে ৭ গোল করা ফাহিম হয়ে উঠতে পারে স্ট্রাইকার-সংকটে থাকা বাংলাদেশের ফুটবলে দারুণ একটি ভরসার নাম।

অবশ্য ব্যাপারটি নির্ভর করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপরই। ২০১৫ সালে সিলেটে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বেশির ভাগ খেলোয়াড়েরই হারিয়ে যাওয়ার পর দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার ওপর খুব বেশি আস্থা রাখা চলে না। তবে ফাহিমের মতো তরুণ প্রতিভার যত্ন নিলে আখেরে সেটি বাংলাদেশের ফুটবলকেই উপকৃত করবে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন ফাহিম। ভুটানের বিপক্ষে পরের ম্যাচে করা তাঁর দারুণ গোলটি ছিল দুর্দান্ত। নেপালের বিপক্ষে সেমিফাইনালেও করেছিলেন ২ গোল। কাল ভুটানের বিপক্ষে গোল করে নিজের আবির্ভাবের জোর ঘোষণাটা দিয়েই টুর্নামেন্ট শেষ করেছে সে।

দায়িত্বটা এখন বাফুফেরই। ফাহিমদের মতো প্রতিভাদের প্রতি যত্ন নিয়েই যে জাগিয়ে তুলতে হবে বাংলাদেশের ফুটবলকে।