এক পাশে জর্ডানের পতাকা। অন্য পাশে ইরান। মাঝখানের পতাকাটি ফিফা ফেয়ার প্লের। একদল খুদে স্বেচ্ছাসেবক মাঝমাঠে দাঁড়িয়ে মহড়ায় ব্যস্ত। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল বিকেলের ওই দৃশ্যটাই বলে দিচ্ছিল এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্ব দুয়ারে। ওসব ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলও মাঠে নামতে প্রস্তুত। আজ বিকেল পাঁচটায় বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী জর্ডানের। প্রতিপক্ষ জর্ডান বলেই কিনা জয়ের কথাটা সহজে মুখে আনতে পারছেন না কোচ গোলাম রব্বানী। চার বছর আগে ঢাকাতেই এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে জর্ডানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে এবার অত বাজে ফল হবে না বলে আশা করলেও বাস্তবতা মেনে নিয়ে বললেন, ‘জর্ডান অবশ্যই শক্তিশালী দল। ওদের সঙ্গে তাই জয়ের আশা করছি না। আমাদের লক্ষ্যই থাকবে ভালো খেলা। চেষ্টা থাকবে কম গোল খাওয়ার। যাতে পরের ম্যাচে মেয়েরা মনোবল না হারায়।’
জর্ডান কোচ মানার মুস্তফা আহমেদ ফ্রেইজও সমীহর চোখেই দেখছেন বাংলাদেশকে, ‘কাজটা আমাদের জন্য সহজ হবে না। কারণ বাংলাদেশের মেয়েরা নিজেদের মাঠে চেনা পরিবেশে খেলবে। দর্শকও থাকবে তাদের পক্ষে। তবে আমরা এখানে জিততেই এসেছি। শুধু বাংলাদেশ নয়, প্রতিটি ম্যাচ জিতে চূড়ান্ত পর্বে যেতে চাই।’
‘বি’ গ্রুপে জর্ডান ও বাংলাদেশ ছাড়াও খেলছে ইরান, ভারত, সংযুক্ত আরব আমিরাত। অনূর্ধ্ব-১৬ দলের তো আর র্যাঙ্কিং হয় না। দলগুলো সম্পর্কে ধারণা পেতে তাই জাতীয় দলের ফিফা র্যাঙ্কিংই ভরসা। সে অনুযায়ী এই গ্রুপে সবচেয়ে দুর্বল দল সংযুক্ত আরব আমিরাত (১৩৩) আর সবচেয়ে শক্তিশালী ভারত (৫৩)। এরপরই জর্ডান (৫৭) ও ইরান (৫৮)। বাংলাদেশ ১১৭।
‘বি’ গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে চূড়ান্ত পর্বে। বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাত ছাড়া বাকি তিনটি দলই আগামী বছরে চীনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে যাওয়ার দাবিদার। জর্ডানের চোখ তো আরও দূরে—অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। চূড়ান্ত পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা সে সুযোগটা পাবে। এই প্রতিযোগিতা সামনে রেখে ইরানের প্রস্তুতি সাত মাসের। ঢাকায় আসার আগে উজবেকিস্তানে খেলেছে ৩টি প্রস্তুতি ম্যাচ। টুর্নামেন্ট নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন কোচ সাদি মাহিনি, ‘আমরা চীনে যেতে চাই।’
ভারতের মেয়েদেরও মাস দুয়েকের প্রস্তুতি। বয়সভিত্তিক মহিলা দলের অভাবে গুজরাটে ছেলেদের অনূর্ধ্ব-১৮ দলের সঙ্গে খেলেছে প্রস্তুতি ম্যাচ। কোচ মেইমল রকির ভাবনায় শুধুই প্রথম ম্যাচ, ‘আমরা আপাতত ইরানের বিপক্ষে ম্যাচটা নিয়েই ভাবছি। ধাপে ধাপে এগোতে চাই। এই দলের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। আশা করি, আমরা পরের রাউন্ডে যেতে পারব।’