বাংলাদেশ-ভারত একই গ্রুপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের মেয়েদের চতুর্থ সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান। কাল বাফুফে ভবনে হয়ে গেল সাফের গ্রুপিং। এতে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গ্রুপের অন্য দল আফগানিস্তান। ‘এ’ গ্রুপে খেলবে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। আমন্ত্রণ জানানো হলেও এই টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখায়নি পাকিস্তান। এবার অতিথি দল হিসেবে খেলবে সাফ থেকে বেরিয়ে যাওয়া আফগানিস্তান।
আগামী ২৬ ডিসেম্বর ভারতের শিলিগুড়িতে শুরু হবে মেয়েদের এবারের সাফ। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ ডিসেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। ৩১ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ২ জানুয়ারি সেমিফাইনাল, ফাইনাল ৪ জানুয়ারি।
এর আগের তিনটি টুর্নামেন্টের মধ্যে দুবার সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। এবারের টুর্নামেন্টকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সাফের ড্র শেষে কাল জানালেন, ‘আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্ব। ওখান থেকে সেরা চার দল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সাফ চ্যাম্পিয়নশিপকে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবেই দেখছি আমরা।’