সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গেছে দুই দলেরই। তারপরও স্বস্তিতে নেই কোনো দল। লড়াইটা যে বাংলাদেশ-ভারত। এই অঞ্চলের ফুটবলে পুরোনো দ্বৈরথ, যা ছুঁয়ে যাচ্ছে যুবাদেরও। আজ দুই দলের খেলোয়াড়েরা তাই চাইছে, ম্যাচটা জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে।
বিকেল পাঁচটায় সিলেট জেলা স্টেডিয়ামে দুই প্রতিবেশী দেশের যুবাদের লড়াই। ফুটবল মাঠে দুই দেশের জাতীয় দলের লড়াই যেমন উত্তাপ ছড়িয়ে দেয়, অনূর্ধ্ব-১৬ তরুণদের লড়াইও অনেকটা তেমনই। বাংলাদেশের কোচ ও অধিনায়ক থেকে শুরু করে সিলেটের দর্শকেরা পর্যন্ত ভারতের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে। ভারতও ছাড় দিতে নারাজ।
টুর্নামেন্টে এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। একই প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে দুই দলই জিতেছে বড় ব্যবধানে। দুই ম্যাচেই জয়ী দলের ক্রীড়ানৈপুণ্য মুগ্ধ করেছে দর্শকদের। মঙ্গলবার বাংলাদেশের খেলোয়াড়েরা মুহুর্মুহু আক্রমণে যেভাবে কোণঠাসা করে রেখেছিল শ্রীলঙ্কাকে, তাতে আজকের ম্যাচেও স্বাগতিক দলকে নিয়ে বড় প্রত্যাশা সমর্থকদের। বাংলাদেশ দলের প্রথম ম্যাচে জয়ের পর দর্শকেরা যে আনন্দমিছিল বের করেছিল, সেখানে কারও কারও হাতে দেখা গিয়েছিল ‘এবার ভারত-বধ’ লেখা প্ল্যাকার্ড। দর্শকদের সেই উন্মাদনার খবরও হয়তো বাংলাদেশের খেলোয়াড়দের কানে পৌঁছে থাকবে।
শ্রীলঙ্কাকে হারানোর পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শাওনের কণ্ঠে ঝরল সিলেটের দর্শকদের প্রশংসা। কাল অনুশীলন শেষেও উচ্ছ্বসিত শাওন, ‘গ্যালারিভর্তি দর্শকদের কাছ থেকে উৎসাহ পাওয়াটা আমাদের জন্য খুবই ইতিবাচক। ভারত শক্তিশালী দল। তবে আমরা যোগ্য দল হিসেবেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই।’ কাল ভারতের পক্ষে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও ভেতরে-ভেতরে যে খেলোয়াড়েরা বাংলাদেশকে আটকানোর পরিকল্পনা আঁটছে, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। দুই শিবিরে এখন একটাই কথা—‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী’।
ভারত কাল অনুশীলন করেনি। দিনভর হোটেলেই কাটিয়েছে। বিকেলে স্টেডিয়ামে গিয়েছিল মালদ্বীপ–আফগানিস্তান ম্যাচ দেখতে। তবে বাংলাদেশের খেলোয়াড়েরা সিলেট ফুটবল একাডেমিতে দুপুরে এক ঘণ্টা কঠোর অনুশীলন করেছে। কোচ গোলাম জিলানি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বললেন, ‘আমরা গত খেলায় অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছি। সেটা ভারতের সঙ্গে হতে দেওয়া যাবে না। খেলোয়াড়েরাও ভুলগুলো কাটিয়ে জয়ের লক্ষ্যেই খেলবে।’
‘জয়ের লক্ষ্য’ শব্দ দুটি মন্ত্রের মতো কোচ দলের খেলোয়াড়দের মগজে ভালোভাবেই ঢুকিয়ে দিয়েছেন। অনুশীলনেও এর ছাপ দেখা গেল। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী মেজাজে যে রকম দৌড়ঝাঁপ করল—তাতে আজ বাংলাদেশ-ভারতের দারুণ এক দ্বৈরথ দেখারই প্রত্যাশা করতে পারেন দর্শকরা। অধিনায়কের কথার প্রতিফলন মাঠে ঠিকমতো ঘটলে ভারতকে হারানোর দৃশ্যটা সিলেটবাসীর দেখা হয়ে যেতেই পারে। হোক না সেটা যুবাদের হাত ধরে, তবু তো ভারত!
এদিকে কাল মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে আফগানিস্তান।